ঢাকা, সোমবার   ১২ অক্টোবর ২০২৬

উত্তরায় জিএম কাদেরের বাসভবনে হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৮, ১২ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে কিছু ব্যক্তি হামলা চালিয়েছে। এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে বাসভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে তারা।

সোমবার (১২ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য বলেন, ‘আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাচ্ছি, আজ সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে একদল দুষ্কৃতকারী জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জিএম কাদেরের উত্তরার বাসভবনে হামলা চালিয়েছে।’

তিনি জানান, সকাল সাড়ে ১০টায় ব্যানার নিয়ে একদল নারী-পুরুষ বাসার সামনে অবস্থান নেন। মিনিট দশেক পরে সেখান থেকে জি এম কাদেরের বাসায় ইটপাটকেল ছোড়া হয়। একপর্যায়ে লোকজন ভাঙচুর শুরু করে।


 
ভিডিওতে দেখা যায়, কিছু ব্যক্তি জিএম কাদেরের বাসভবন লক্ষ্য করে ইটপাটকের নিক্ষেপ করছেন। এ সময় ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জবাই কর’ স্লোগান দেনে হামলাকারীরা।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, বেলা ১১টার দিকে অচেনা নম্বর থেকে ফোন করে বলা হয়, জি এম কাদেরের বাসায় হামলা হয়েছে। পরে ঘটনাস্থলে পৌঁছে আমরা কাউকে পাইনি।

ওসি জানান, সাধারণ জনতার ব্যানারে ৩০-৪০ জন ওই বাসায় হামলা চালিয়েছে। তারা বাইরে থেকেই ঢিল ছুড়ে ভাঙচুর করেছে, তবে ভেতরে কেউ ঢুকতে পারেনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি