ঢাকা, বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২৬

‘আসতাছি মা’ বলে তাহসিফের আর ফেরা হয়নি, বাবার নতুন তথ্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৭, ২৯ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

মাকে ভয়েস মেসেজে বলেছিলেন, ‘আসতাছি মা’। কিন্তু আর ঘরে ফেরা হয়নি বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির। ঢাকার তুরাগ নদ থেকে উদ্ধার হয়েছে তাঁর মরদেহ। 

পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাঁকে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন স্বজনেরা। 

ছেলের পাঠানো এই ভয়েস মেসেজের পর তাঁর ফেরার অপেক্ষায় ছিলেন মা। কিন্তু সেই অপেক্ষার অবসান হয় মৃত্যুর খবরে। তুরাগ নদে পাওয়া যায় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সৌরির মরদেহ।

অবসরপ্রাপ্ত এই ফ্লাইট লেফটেন্যান্ট থাকতেন রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরে। তাঁর বাবা কে এম এনায়েতুল করিম হেলাল জানান, ২৭ অক্টোবর দীপ নামে পরিচিত এক তরুণ তাহসিফকে বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে গভীর রাতে মাকে ভয়েস মেসেজ পাঠিয়ে বাড়ি ফেরার কথা জানান তাহসিফ। এরপর আর তাঁর খোঁজ পায়নি পরিবার।

বুধবার বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে তুরাগ নদের রাজাবাড়ি ঘাটসংলগ্ন এলাকায় যায় টঙ্গী ফাঁড়ির নৌ-পুলিশ। বিকেল সাড়ে চারটার দিকে উদ্ধার করা হয় মরদেহটি।

বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। নৌ-পুলিশের তাৎক্ষণিক প্রতিবেদন অনুযায়ী, মরদেহের পরনে ছিল সাদা পাজামা ও কালো জামা। হাতে ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। সঙ্গে থাকা ফোনের সূত্র ধরেই শনাক্ত করা হয় তাঁর পরিচয়।

পরিবার জানায়, উত্তরখান থানার মাধ্যমে তারা জানতে পারে তুরাগ নদে তাহসিফের মরদেহ পাওয়ার খবর। তবে এই মৃত্যুকে স্বাভাবিক বলে মানতে পারছেন না স্বজনেরা। বাবার অভিযোগ, তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কীভাবে তাহসিফের মৃত্যু হলো, তা তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি তাঁদের।

পরিবার সূত্রে জানা গেছে, ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বাদ আসর তাহসিফ সৌরির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পরিবার হত্যার অভিযোগ তুললেও সাবেক বিমান কর্মকর্তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। কারণ উদ্‌ঘাটনে এখন ময়নাতদন্তের ফল ও তদন্তের অপেক্ষা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি