ঢাকা, বুধবার   ২৫ নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত ডিজির অপসারণ দাবিতে মানববন্ধন, বাধা ও হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩০, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:৪০, ২৫ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মো. শাহজামান খান তুহিনের অপসারণ দাবিতে রাজধানীর খামারবাড়িতে মানববন্ধন করেছে মঞ্চ ২৪। 

বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে অধিদপ্তরের সামনে মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকীর নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন চলাকালে সাধারণ শিক্ষার্থী পরিচয় দেওয়া কয়েকজন দুর্বৃত্ত বাধা ও হামলা চালায়। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন আজাদ পার্টির যুগ্ম মহাসচিব মো. ওয়ালী উল্লাহ, এসডিএফের সাংগঠনিক সম্পাদক বাদশাহ, মঞ্চ ২৪-এর সংগঠক ইশরাত করিম অর্পিতা, আসিফ আদনান, রায়হান জুবায়ের, ঢাবি মঞ্চ ২৪-এর সভাপতি মারুফ সরকার এবং জাতীয় যুবশক্তির সহসাংগঠনিক সম্পাদক রাসেল মিয়া।

মানববন্ধনে বক্তব্যে ফাহিম ফারুকী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দলটির রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করলেও রাজনৈতিক পটপরিবর্তনের পর শাহজামান খান নিজের রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন। তাঁর বিরুদ্ধে পদোন্নতি, নিয়োগ-বাণিজ্য ও সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। অবিলম্বে তাঁর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের পাশাপাশি ভারপ্রাপ্ত মহাপরিচালকের পদ থেকে তাঁকে অপসারণ করে বিচারের আওতায় আনতে হবে।

ফাহিম ফারুকী আরও বলেন, ২০২৪ সালের ৪ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের ঠিক আগের দিন রাজধানীতে প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনে দলটির ‘শান্তি মিছিল’ কর্মসূচিতে নেতৃত্ব দিতে দেখা যায় শাহজামান খান তুহিনকে। 

বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদের ব্যানারে আয়োজিত ওই কর্মসূচিতে তাঁর অংশগ্রহণের ছবি সে সময় বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শাহজামান খান সাবেক প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউলের ঘনিষ্ঠ ছিলেন। এ ছাড়া সাবেক মন্ত্রী মির্জা আজমের ভাই মির্জা কবিরের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।

রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমানে জাতীয়তাবাদী পরিচয়ে পরিচিত হয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। আগামী ২৬ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একই মঞ্চে একটি অনুষ্ঠানে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে। মূলত প্রধানমন্ত্রীর মঞ্চকে বিতর্কিত করতেই এই পরিকল্পনা করেছে ফ্যাসিস্টরা।

মানববন্ধনে হামলা ও বাধা দেওয়া ব্যক্তিদের পরিচয় ও তাঁদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি