ঢাকা, বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬

চক্ষুসেবা খাতে নারী নেতৃত্ব প্রসারের আহ্বান বিশেষজ্ঞদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৬, ৭ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

স্বাস্থ্যসেবায় নারীরা যাতে আরও বড় ভূমিকা রাখতে পারে, সেজন্য দেশের চক্ষুসেবা খাতে নারীদের নেতৃত্বের প্রসারে চক্ষুরোগ বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানিয়েছেন এ খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা। 

বুধবার (৭ অক্টোবর) অরবিস ইন্টারন্যাশনালের সহায়তায় 'অপথালমোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশর (ওএসবি) 'অপথালমোলজি উইমেন সার্কেল' আয়োজিত এক বিশেষ সেমিনারে এ গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন মেডিকেল কলেজ ও দেশের শীর্ষ সারির স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের চক্ষুরোগ বিশেষজ্ঞরা অংশ নেন।

এশিয়া-প্যাসিফিক একাডেমি অফ অফথালমোলজির (এপিএও) প্রথম বাংলাদেশি ও প্রথম নারী সভাপতি এবং বিশ্বখ্যাত চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক আভা হোসেন বলেন, নারীদের মনে করা উচিত নয় যে বয়স, অবস্থান বা পরিস্থিতির কারণে তারা নেতৃত্ব দিতে পারবে না। অবদান রাখার সক্ষমতা থাকলে নারীদের এগিয়ে এসে নিজেদের কণ্ঠস্বর জোরালো করা উচিত। নেতৃত্বের জন্য সাহস, প্রতিশ্রুতি এবং সবার সঙ্গে মিলে কাজ করার মানসিকতা প্রয়োজন। নেতৃত্ব কেবল একটি পদ থেকে আসে না, এর বিকাশ শুরু হওয়া উচিত পরিবার এবং নিজ নিজ পেশাগত সংগঠনের ভেতর থেকেই। নারীদের উচিত নিয়মিত সেমিনার ও কনফারেন্সে অংশ নিয়ে নিজেদের জন্য লক্ষ্য নির্ধারণ করা।

এসময় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক ডা. সৈয়দ মাহবুবুল কাদির এক সুখবর দিয়ে জানান, বাংলাদেশ ‘গ্লোবাল ভিশন অ্যাওয়ার্ড’-এর জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে। এর ফলে এই খাতে বড় আকারের আন্তর্জাতিক ফান্ড আসবে এবং চক্ষুসেবা খাতে নতুন গতিসঞ্চার হবে। তিনি চক্ষু বিশেষজ্ঞদের এই নতুন পরিস্থিতি ও সুযোগের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। 

অন্যদিকে, অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ বলেন, স্বাস্থ্যসেবা খাতে নারী চিকিৎসকের সংখ্যা অনেক হলেও নেতৃত্বের ক্ষেত্রে তারা এখনো পিছিয়ে রয়েছে। এই খাতের কর্মী হিসেবে নারীদের অংশগ্রহণ এবং নেতৃত্বের পদের মধ্যে একটি স্পষ্ট বৈষম্য রয়েছে, যা দূর করতে অভিজ্ঞদের সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও মেন্টরশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

ওএসবি প্রেসিডেন্ট ডা. মো. তৌহিদুর রহমান, মহাসচিব অধ্যাপক ডা. জিন্নু রাইন, ভাইস-প্রেসিডেন্ট অধ্যাপক মো. সায়েদুল হক, উপদেষ্টা অধ্যাপক ডা. মো. শাহাবুদ্দিন এবং অরবিস ইন্টারন্যাশনালের অ্যাসোসিয়েট ডিরেক্টর মো. ইকবাল হোসেনসহ অন্যন্যরা বক্তব্য রাখেন। 

সেমিনারে অধ্যাপক ডা. জাকিয়া সুলতানা শহীদ চক্ষুরোগ বিশেষজ্ঞ হিসেবে নিজের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং অধ্যাপক ডা. জেসমিন আহমেদ চিকিৎসকদের পারস্পরিক যোগাযোগের ভূমিকা বিষয়ক একটি প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া ডেভরেজোনেন্স লিমিটেডের প্রধান নির্বাহী নাজমে সাবিনা চক্ষু স্বাস্থ্যসেবায় নারী-পুরুষের সমতা ও অন্তর্ভুক্তিকরণ বিষয়ক একটি বিশেষ সেশন পরিচালনা করেন।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি