ঢাকা, বুধবার   ২৮ অক্টোবর ২০২৬

ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৬, ২৮ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সুনির্দিষ্ট পার্কিং স্পেসের দাবিতে ডাকা বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট আগামী সাত দিনের জন্য মুলতবি করা হয়েছে। 

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক বাদল মাদবর এই তথ্য নিশ্চিত করেছেন। এই স্থগিতাদেশের ফলে আপাতত ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে এই ধর্মঘটের কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তির শিকার হতে হয়। দূর-দূরান্ত থেকে আসা গুরুতর অসুস্থ রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর কিংবা মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কোনো অ্যাম্বুলেন্স না পেয়ে বিপাকে পড়েন অনেকে। নিরুপায় হয়ে অনেক স্বজনকে সিএনজিচালিত অটোরিকশা কিংবা কাভার্ড ভ্যানে করে মরদেহ নিয়ে যেতে দেখা যায়।

বুধবার সকাল থেকেই হাসপাতালের নতুন ও পুরোনো জরুরি বিভাগ এবং বহির্বিভাগের সামনে অ্যাম্বুলেন্সের অপেক্ষায় স্বজনদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভুক্তভোগী কয়েকজন অভিযোগ করেন, জরুরি প্রয়োজনে জাতীয় সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করেও তারা তাৎক্ষণিক কোনো অ্যাম্বুলেন্স বা সরকারি সহায়তা পাননি।

সমিতির সাধারণ সম্পাদক বাদল মাদবর জানান, ঢাকা মেডিকেলের প্রায় চার হাজার রোগীর জরুরি সেবায় তাদের প্রায় ১২০ থেকে ১৩০টি অ্যাম্বুলেন্স নিয়োজিত থাকে। কিন্তু হাসপাতালে নির্দিষ্ট কোনো পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে রাস্তায় গাড়ি রাখতে হয়। আর রাস্তায় গাড়ি রাখলেই পুলিশ মামলা ঠুকে দেয় এবং গাড়ি ডাম্পিংয়ে পাঠায়। তারা সরকারকে যথাযথ রাজস্ব দিতে রাজি থাকলেও গাড়ির জন্য একটি স্থায়ী পার্কিংয়ের দাবি জানান।

অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মো. ফরহাদ হোসেন জানান, সরকারি চত্বরে ব্যক্তিমালিকানাধীন বা বেসরকারি অ্যাম্বুলেন্স পার্কিং করে রাখার কোনো আইনি বিধান নেই। তবে তারা যেন ব্যবসা করতে পারেন, সেজন্য হাসপাতালের বাইরে অবস্থান করার কথা বলা হয়েছে। হাসপাতালের ভেতরের শৃঙ্খলা বজায় রাখতে বিষয়টি শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে।

পরিচালক আরও যোগ করেন, রোগীদের জরুরি সেবা যেন ব্যাহত না হয়, সেজন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিজস্ব বহরে আরও নতুন অ্যাম্বুলেন্স যুক্ত করার বিষয়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করছেন। আপাতত সাত দিনের জন্য ধর্মঘট স্থগিত হলেও পার্কিং সংকটের স্থায়ী কোনো সমাধান আসবে কিনা, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি