ঢাকা, শুক্রবার   ২০ নভেম্বর ২০২৬

বারিধারা ডিওএইচএস থেকে সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:২০, ২০ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-১   । গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি এসআরবি-এর সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

আতাউল হক দোলন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সাতটি মামলা রয়েছে। এসব মামলায় হত্যা, হত্যাচেষ্টা, হামলা, ভাঙচুর, চুরি, লুটপাট, অপহরণ, চাঁদাবাজি, হুমকি, বিস্ফোরক ব্যবহার ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মতো অভিযোগ আনা হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর শ্যামনগর থানায় দায়ের করা একটি মামলায় হত্যা, ভাঙচুর ও চুরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ মামলায় দণ্ডবিধির ৩০২, ৪২৭ ও ৩৭৯ ধারাসহ ৩৪ ধারায় মামলা করা হয়।

এছাড়া, ২০২৬ সালের ২ জুন ও ১৯ মার্চ দায়ের করা দুটি পৃথক মামলায় হত্যাচেষ্টা, বেআইনি সমাবেশ, মারধর, গুরুতর জখম, ভাঙচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ রয়েছে। এসব মামলায় বিস্ফোরক দ্রব্য আইনের ধারাও যুক্ত করা হয়েছে।

২০২৫ সালের ৫ জুন দায়ের করা আরেকটি মামলায় বিস্ফোরক দ্রব্য আইনের পাশাপাশি বিশেষ ক্ষমতা আইনে অভিযোগ আনা হয়। এছাড়া সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগেও তার বিরুদ্ধে মামলা রয়েছে।

অন্যদিকে, ২০০৬ সালের ৫ মে শ্যামনগর থানায় দায়ের করা দুটি পুরোনো মামলাতেও তার নাম রয়েছে। ওই মামলাগুলোতে হত্যাচেষ্টা, হামলা, চুরি, অপহরণ, চাঁদাবাজি এবং নারীকে লাঞ্ছিত করার অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে একটি মামলায় ২০০৬ সালের ২৬ অক্টোবর চার্জশিট দাখিল করা হয়।

তবে সাতটি মামলার কোনোটির অভিযোগেই তার অপরাধ আদালতে চূড়ান্তভাবে প্রমাণিত হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

গ্রেপ্তারের পর সাবেক এই সংসদ সদস্যকে কোন মামলায় আদালতে হাজির করা হবে, রিমান্ড চাওয়া হবে কি না, কিংবা পরবর্তী আইনি পদক্ষেপ কী হবে, তা এখনো জানা যায়নি।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি