ঢাকা, বৃহস্পতিবার   ১৫ অক্টোবর ২০২৬

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু কাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৬, ১৫ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন-২৩’র উপনির্বাচন আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের জন্য আগামীকাল ১৬ অক্টোবর থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মনোনয়ন প্রত্যাশীদের আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে বলা হয়েছে। ফরম পূরণ করে পরদিন ১৭ অক্টোবর একই স্থান ও সময়ে জমা দিতে হবে।

আজ বৃহস্পতিবার বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, রাজধানীর রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ে নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত হয়।

পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে পদত্যাগ করেন মিষ্টি। গত ১ অক্টোবর দুপুরে জাতীয় সংসদ ভবনে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

এরপর ওই আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। আগামী ১২ নভেম্বর সংরক্ষিত এই মহিলা আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি