ঢাকা, বৃহস্পতিবার   ০৫ নভেম্বর ২০২৬

বিরোধীদলীয় নেতা নাহিদ ইসলামকে আইনি নোটিশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৫, ৫ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বলা হয়েছ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে দেয়া বক্তব্য আগামী ১০দিনের মধ্যে প্রত্যাহার না করলে তার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাবিবুর রহমান এনসিপির আহ্বায়ক বরাবর এ নোটিশ পাঠান।

আইনি নোটিশে বলা হয়েছে, নাহিদ ইসলাম তার দেওয়া ‘চাঁদাবাজি ও লুটপাট করার জন্য তারেক রহমান এসেছেন, দেশ পরিচালনায় তার কোনো পরিকল্পনা নাই’এই বক্তব্য আগামী ১০ দিনের মধ্যে প্রত্যাহার না করলে তার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নোটিশে আরও বলা হয়েছে, গত ৩০ অক্টোবর চ্যানেল ওয়ান ও চ্যানেল আই-এ সন্ধ্যার পর প্রকাশিত আপনার বক্তব্য ‌‘চাঁদাবাজি, লুটপাট করার জন্য তারেক রহমান এসেছেন। দেশ পরিচালনায় তার কোনো পরিকল্পনা নাই’—এ বক্তব্য আমার দৃষ্টিগোচর হওয়ায় আমি বিব্রত, ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ হয়ে জানাচ্ছি যে, এ বক্তব্য অমার্জনীয়, রাজনৈতিক প্রতিপক্ষকে ঈর্ষান্বিত করে অবাস্তব, কাল্পনিক মন্তব্য দিয়ে নিজেকে ছোট ও অপরিপক্ব রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রজ্ঞাহীন ব্যক্তি বলে আখ্যায়িত হয়েছেন।

নোটিশে বলা হয়, এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপের মতো পদধারী ব্যক্তির কাছ থেকে এমন অগ্রহণযোগ্য, কাল্পনিক, অজ্ঞ, জ্ঞানহীন, রাজনৈতিক অপ্রজ্ঞার বক্তব্য জাতি কখনো আশা করেনি। এমন বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইবেন।

নোটিশ পাওয়ার দশ দিনের মধ্যে প্রত্যাহার করে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় ফৌজদারি কার্যবিধি মোতাবেক যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা নোটিশে বলা হয়েছে।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি