ঢাকা, রবিবার   ১৫ নভেম্বর ২০২৬

সিলেট অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৯, ১৫ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

আগামী ২১ নভেম্বরের লংমার্চ কর্মসূচি স্থগিত করেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। কর্মসূচি বাস্তবায়নে ব্যবস্থাপনাগত জটিলতা ও জনদুর্ভোগের আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। 

রোববার (১৫ নভেম্বর) বিকালে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

ড. হামিদুর রহমান আযাদ বলেন, লংমার্চ শুধু ট্রেনে যাতায়াতের মতো কোনো কর্মসূচি নয়। এতে বিভিন্ন জায়গায় মানুষের ওঠানামা, বক্তব্য দেওয়া এবং জনসমাগমের বিষয় রয়েছে। 

এ জন্য ট্রেনকে বিভিন্ন স্থানে থামতে হবে। আবার কোথাও কোথাও সিঙ্গেল লাইন থাকায় পুরো ব্যবস্থাপনা অত্যন্ত জটিল হয়ে পড়বে। সবকিছু বিবেচনায় নিয়ে আগামী ২১ নভেম্বর ট্রেনযোগে লংমার্চ করা সম্ভব নয় বলে আমরা মনে করছি।

তিনি বলেন, এ কারণে আজ আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিয়ে ট্রেনযোগে লংমার্চ কর্মসূচি স্থগিত ঘোষণা করছি। বিকল্প পন্থায় কর্মসূচি বাস্তবায়নের বিষয়টি বিবেচনা করা হবে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে ১১ দলীয় ঐক্যের এই সমন্বয়ক বলেন, দেশের বিদ্যমান পরিস্থিতির এখনো প্রত্যাশিত উন্নতি হয়নি। জনগণের প্রত্যাশা ও অধিকার, বিশেষ করে সাংবিধানিক সংস্কারের রূপরেখা বাস্তবায়ন করতে হবে। সংস্কার পরিষদ গঠন না করে সংশোধনের পথে হেঁটে জাতিকে বিভ্রান্ত করার যে চেষ্টা চলছে, তা আগেই প্রত্যাখ্যান করা হয়েছে। এ পথে সংকটের সমাধান হবে না।

তিনি আরও বলেন, সরকারের এ ধরনের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ১১ দলীয় ঐক্য আগে থেকেই সোচ্চার ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। জনগণকে সংগঠিত করে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে কর্মসূচি পালন করা হবে। এ ক্ষেত্রে ১১ দলীয় ঐক্য নেতৃত্ব দেবে।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি