ঢাকা, শুক্রবার   ২০ নভেম্বর ২০২৬

‘লাশের অপেক্ষায় আছেন’ শেখ হাসিনা, অভিযোগ সোহেল তাজের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩০, ১৯ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

দেশজুড়ে চলমান নাশকতা ও অস্থিতিশীলতার পেছনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্ধন রয়েছে বলে অভিযোগ তুলেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। তাঁর দাবি, আন্দোলন জমিয়ে তুলতে এবং দেশে অরাজকতা তৈরি করতে শেখ হাসিনা এখন নিজের দলের নেতা-কর্মীদের লাশের অপেক্ষায় আছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।

পোস্টে সোহেল তাজ উল্লেখ করেন, দীর্ঘ প্রায় ১৫ বছরের শাসনামলে বিরোধী মতের ওপর দমন-পীড়ন, গুম-খুন, ভোটাধিকার হরণ এবং ব্যাপক লুটপাটের মাধ্যমে দেশকে খাদের কিনারায় নিয়ে গেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এখন সীমান্তের ওপারে বসে প্রতিশোধের নেশায় আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী সংগঠনে রূপান্তর করছেন বলেও তিনি অভিযোগ করেন।

সাবেক এই প্রতিমন্ত্রীর ভাষ্যমতে, শেখ হাসিনা মনে করেন তাঁর মতো কেউ আন্দোলন গড়ে তুলতে পারেন না, আর সেই আন্দোলনের প্রধান পুঁজি হলো 'লাশ'। এ কারণেই তিনি একের পর এক উসকানিমূলক কর্মসূচি দিয়ে যাচ্ছেন, যাতে প্রাণহানির ঘটনা ঘটে। বিশেষ করে নিজ দলের কারও মৃত্যু হলে সেটিকে পুঁজি করে ব্যাপক সহিংসতা ছড়িয়ে বর্তমান সরকারকে হটানোর ছক কষছেন তিনি।
শেখ হাসিনার বর্তমান ভূমিকার কড়া সমালোচনা করে সোহেল তাজ আরও লেখেন, নিজে গণহত্যা চালানোর পরও এখন উল্টো ভুক্তভোগী সেজে বড় গলায় কথা বলাটা একজন মানসিক বিকারগ্রস্ত বা 'সাইকোপ্যাথ'-এরই আচরণ।

উল্লেখ্য, গত প্রায় দুই সপ্তাহ ধরে দেশের বিভিন্ন প্রান্তে হঠাৎ করেই নাশকতামূলক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মাত্র ১২ দিনে সারাদেশে অন্তত ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ ও ৭৪টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এমনকি পুলিশের স্থাপনা ও গাড়িতেও হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে এবং বৃহস্পতিবারও দেশের নানা জায়গা থেকে এমন সহিংসতার খবর পাওয়া গেছে।
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি