ঢাকা, মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৮, ২৪ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

অস্ট্রেলিয়া সফর শেষে মালয়েশিয়ায় একটি কর্মসূচিতে অংশগ্রহণ শেষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশে ফেরার কথা ছিল তার। কিন্তু মালয়েশিয়া সফর স্থগিত করে মঙ্গলবারই দেশে ফিরছেন তিনি। এরই মধ্যে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, অস্ট্রেলিয়ায় ৪ দিনের সফর সম্পন্ন করে দেশের পথে রওনা হলাম। প্রবাসী ভাই-বোনদের আন্তরিকতায় আমি মুগ্ধ ও অভিভূত। আল্লাহ তায়ালা তাদের সবাইকে উত্তম প্রতিদান ও সম্মান দান করুন।

পোস্টে তিনি লেখেন, বাংলাদেশকে তারা গভীর আন্তরিকতায় ধারণ করেন। বাংলাদেশকে নিয়ে তারা স্বপ্ন দেখেন। বাংলাদেশের জন্য তারা অবদান রাখতে চান। বাংলাদেশেরও দায়িত্ব হলো, তাদের এবং সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশিদের প্রাপ্য সম্মান প্রদান করা।

সফর সংক্ষিপ্ত করার বিষয়ে ডা. শফিকুর লেখেন, একান্ত প্রয়োজনে মালয়েশিয়ায় একদিনের সফরটি স্থগিত করলাম। ইনশাআল্লাহ, নিকট ভবিষ্যতে প্রবাসী ভাই-বোনদের সঙ্গে মালয়েশিয়ায় সাক্ষাৎ করার আশা রাখি। সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

এদিকে, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য সংলাপ সফর সংক্ষিপ্ত করে জামায়াত আমিরের দেশে ফেরার পেছনে অন্যতম কারণ। দল তার দেশে ফেরার প্রয়োজন অনুভব করছে বলেও জানান তিনি।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি