ঢাকা, বৃহস্পতিবার   ২৬ নভেম্বর ২০২৬

এবার ৮ বিভাগে মাহফিলের ঘোষণা আজহারীর 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৯, ২৫ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

এক বছর বিরতির পর দেশের আট বিভাগে আবারও তাফসিরুল কুরআন মাহফিলে যোগ দেয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। 

বুধবার (২৪ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

ফেসবুক পোস্টে আজহারি জানান, এক বছর বিরতির পর আট বিভাগে তার আউটডোর তাফসিরুল কুরআন মাহফিলগুলো আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি লেখেন, ‘আবহমানকাল ধরে ওয়াজ-মাহফিল বাংলাদেশের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।’ এসব আয়োজন সুন্দর ও সার্থক করতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

মাহফিলগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে আজহারি পোস্টে উল্লেখ করেন, ‘সুশৃঙ্খল উপস্থিতি, ধর্মীয় শিষ্টাচার বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক সহযোগিতা করা সবার দায়িত্ব। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন কুরআনের এই পবিত্র আয়োজনের সৌন্দর্য ও উদ্দেশ্যকে ম্লান করে না দেয়।’

আজহারি জানান, মাহফিলের সার্থকতা শুধু বিপুল জনসমাগম কিংবা আয়োজনের ব্যাপকতার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং কোরআন ও সুন্নাহর সার্বজনীন বার্তা মানুষের চিন্তা, চরিত্র ও কর্মে প্রতিফলিত হলেই এসব আয়োজন প্রকৃত অর্থে সফল হবে। এর মাধ্যমে ব্যক্তি থেকে পরিবার এবং পরিবার থেকে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কোরআনের সার্বজনীন বার্তা মানুষকে সঠিক জীবনদর্শন শেখায় এবং চূড়ান্ত সফলতার পথ দেখায় উল্লেখ করে তিনি বলেন, ‘কোরআনের মাহফিল শুধু জনসমাগমের আয়োজন নয়, বরং হওয়া উচিত জীবন বদলের আয়োজন।’ পোস্টের শেষে শিগগিরই সবার প্রিয় শহরে দেখা হওয়ার আশাবাদ ব্যক্ত করেন আজহারি।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি