সালমান মুক্তাদিরের বক্তব্য নিয়ে যা বললেন সোহেল তাজ
প্রকাশিত : ১০:৩৬, ১ অক্টোবর ২০২৬
ইসিবি চত্বরে নিউগিনি প্রোপার্টিজে থাকা স্টুডিও ভাঙচুরের ঘটনা ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। তিনি ওই ঘটনার নিন্দা জানিয়েছেন, সেইসঙ্গে সালমান মুক্তাদিরের বক্তব্য প্রত্যাহারের কথা বলেছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি।
পোস্টে তিনি সালমান মুক্তাদির ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের ছবি শেয়ার করেছেন।
স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের পুত্র সোহেল তাজ বলেন, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুরের ঘটনার পর ৪ দিন পার হয়ে গেলো এবং এরই মধ্যে আমরা জানতে পারলাম যে এই ঘটনা ঘটেছে সেখানকার জমি বিরোধকে কেন্দ্র করে। যাই হোক যে কারণেই হয়ে থাকুক আমি এখনো আগের ন্যায় একইভাবে এই ঘটনার তীব্র নিন্দা জানাই। অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।
পাশাপাশি তিনি মনে করেন, সালমান মুক্তাদিরের উচিত হবে বিএনপির মত একটি বৃহৎ রাজনৈতিক দলের বিরুদ্ধে যে ঢালাওভাবে চাঁদাবাজির অভিযোগ তিনি করেছেন সেটা প্রত্যাহার করে নেওয়া।
এদিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টে সাড়ে ১০ হাজারের মত রিয়্যাকশন পড়েছে।
এএইচ










