ঢাকা, সোমবার   ২০ জুলাই ২০২৬

অবশেষে মানবপাচারের অভিযোগে বেবিচকের সেই কর্মকর্তা বরখাস্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৩, ১৯ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

একুশে টেলিভিশনে মানবপাচার চক্র নিয়ে ধারাবাহিক অনুসন্ধানী সংবাদ প্রচারের পর অবশেষে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) মানবপাচারের অভিযোগে অভিযুক্ত কর্মকর্তা আব্দুল বারী মোল্লাকে সাময়িক বরখাস্ত করেছে।

১৩ জুলাই জারি করা এক অফিস আদেশে বেবিচক জানায়, অ্যারোড্রোম অপারেটর (সমন্বিত কার্যক্রম) হিসেবে কর্মরত আব্দুল বারী মোল্লার বিরুদ্ধে বিদেশগামী যাত্রীদের কাছ থেকে অর্থ আদায়, মানবপাচারে সহযোগিতা এবং আর্থিক অনিয়মসহ একাধিক গুরুতর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়, মোবাইল ফোনের কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ কথোপকথন, বিদেশ ভ্রমণের তথ্য, ই-টিকিট, ফ্লাইট সংক্রান্ত নথি এবং আর্থিক লেনদেনের তথ্য-উপাত্ত পর্যালোচনায় অভিযোগের প্রাথমিক ভিত্তি মিলেছে। 

এছাড়া বিভিন্ন ব্যক্তি, ট্রাভেল এজেন্সি এবং আন্তর্জাতিক মানবপাচার চক্রের সঙ্গে আর্থিক সুবিধার বিনিময়ে অবৈধভাবে বিদেশে যাত্রী পাঠানোর কার্যক্রমে সংশ্লিষ্ট থাকারও প্রমাণ পাওয়া গেছে বলে তদন্তে উঠে এসেছে।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন এবং তাকে সদর দপ্তরের প্রশাসন বিভাগে হাজিরা দিতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। 

একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলার কার্যক্রমও শুরু হয়েছে।

উল্লেখ্য, একুশে টেলিভিশনে দীর্ঘদিন ধরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে সক্রিয় মানবপাচার চক্র এবং তাদের সঙ্গে জড়িত অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন সম্প্রচারিত হয়ে আসছিল। সর্বশেষ সেই অনুসন্ধানে আব্দুল বারী মোল্লার বিরুদ্ধে মানবপাচারে জড়িত থাকার অভিযোগ সামনে আসে। 

এর পরপরই বেবিচকের এই প্রশাসনিক পদক্ষেপকে মানবপাচারের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি