ঢাকা, বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬

উপদেষ্টা থাকাকালে সহযোগিতা পাননি মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩১, ১৬ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক মাহফুজ আলম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থাকাকালীন তার সহকর্মীদের ভূমিকা এবং রাজনৈতিক চাপের মুখে উন্নয়ন কর্মকাণ্ডে বাধা পাওয়ার বিষয়ে কড়া সমালোচনা করেছেন।

বুধবার নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এ সমালোচনা করেন তিনি।

পোস্টে সাবেক উপদেষ্টা জানান, লক্ষ্মীপুরের রামগঞ্জের উন্নয়নের জন্য সরকারের কয়েকজন উপদেষ্টার দ্বারে দ্বারে ঘুরেও তিনি প্রত্যাশিত সহযোগিতা পাননি। একটি বিশেষ রাজনৈতিক দলের প্রভাবে সহকর্মীরা তাকে সহায়তা করা থেকে বিরত ছিলেন বলে তিনি সরাসরি অভিযোগ তুলেছেন।

ফেসবুকে মাহফুজ লিখেন, ‘‘আজকে হাসনাতের সংসদে ‘আকুতি’ দেখে মনে পড়ল যে, রামগঞ্জ-লক্ষীপুরের উন্নয়নের জন্য ৪/৫ জন জন উপদেষ্টার কাছে গিয়েও কোন হেল্প পাইনি। তাদের সাথে কয়েকবার দেখা করেছি। ডিও লেটার দিয়েছি। সেসব লেখার সময় এখনো আসেনি। এতটুকু বলতে পারি যে, একটি রাজনৈতিক দলের চাপে/ সিদ্ধান্তে উনারা আমার এলাকায়/ আমাকে কোন সহযোগিতা করেননি।’

মাহফুজ আরও বলেন, ‘হাসনাত বলছেন এলাকায় মুখ দেখাতে পারবেন না। আর, আমার মুখটা ঢেকে দিয়েছিলেন আমার সহকর্মীগণ! খোদা তাদের মঙ্গল করুন। অন্তরীণ সরকার কীভাবে চলত, এটা নিয়ে কত মিথ্যা আর গুঞ্জন হল। গুঞ্জন আর নানা হিসাবের বাইরে তো অনেক সত্য আছে!!’

শেষে মাহফুজ বলেন, ‘‘পুনশ্চ: আমি যে মাদ্রাসায় ৮ বছর পড়েছি, যে মাদ্রাসা আমার বাবা লীগ কর্তৃক বেদখল হওয়া পর্যন্ত ১৫ বছর পরিচালনা করেছেন, সে মাদ্রাসা এমপিওভুক্ত হয়নি। কারণ, আমি একটি রাজনৈতিক দলের বিরোধিতা করেছিলাম। আমি তো ‘অযোগ্য’ উপদেষ্টাই বটে! আর, সে রাজনৈতিক দল নাকি ক্ষমতায় ছিল না। হাহা পায় যে হাসি!!’’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি