ঢাকা, বুধবার   ০৪ নভেম্বর ২০২৬

কল্যাণপুরে বাস-অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৮, ৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:৪৯, ৪ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীর কল্যাণপুরে যাত্রীবাহী বাস ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে চার ব্যক্তি নিহত হয়েছেন। 

আজ বুধবার (০৪ নভেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে কল্যাণপুরের উত্তরপাড়ার নবাবের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী রয়েছেন।

ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম এক খুদে বার্তায় এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঘটনার পর ফায়ার সার্ভিসের কল্যাণপুর স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা উদ্ধারকাজ শুরু করে। এ ঘটনায় কেউ আহত হননি।

তবে নিহতদের পরিচয় এবং সংঘর্ষের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, ঘটনাটি মিরপুর বেড়িবাঁধ এলাকায়, যা শাহ আলী থানা এলাকার অন্তর্ভুক্ত। বাসটি ছিল এশিয়ান ইউনিভার্সিটির নিজস্ব বাস।

নিহতদের মরদেহ শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি