ঢাকা, শনিবার   ১১ এপ্রিল ২০২৬

খামেনির শাহাদাতের ৪০তম দিনে মিরপুরে বিক্ষোভ মিছিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২১, ১০ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে ইমাম আয়াতুল্লাহ খামেনির শাহাদাতের ৪০তম দিনে ঢাকার মিরপুরে  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

‘ওয়ার্ল্ড মুসলিম মোহাজির রাইটস’-এর উদ্যোগে আয়োজিত এ মিছিলে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান আবদুল ওয়াহিদ। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন।

বক্তব্যে মোহাম্মদ শামসুদ্দীন মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের সমালোচনা করে বলেন, “এই আগ্রাসনের বিরুদ্ধে বিজয়ী ইরানকে আমরা অভিবাদন জানাই। ইমাম আয়াতুল্লাহ খামেনির শাহাদাতের ৪০তম দিনে তাঁর শহীদি আত্মার মাগফিরাত কামনা করছি। তিনি-সহ ইরানের সকল শহীদের আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণা।”

তিনি আরও বলেন, ইরানে হামলা মানবতাবিরোধী অপরাধ এবং এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকা নিন্দনীয়। পাশাপাশি ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পক্ষে ইরানের অবস্থানের কথাও উল্লেখ করেন তিনি।

এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ—মোহাম্মদ ইসলাম, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ হাসান প্রমুখ বক্তব্য দেন এবং ক্ষোভ প্রকাশ করেন।

বক্তারা বলেন, মুসলিম বিশ্বকে বিভক্ত করার অপচেষ্টা রুখে দিয়ে ঐক্যবদ্ধ থাকার প্রয়োজন রয়েছে। মিছিলটি কালসি এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিরপুর-১১ এলাকায় গিয়ে শেষ হয়।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি