ঢাকা, শনিবার   ০৪ জুলাই ২০২৬

চকবাজারে মার্কেটে আগুন, ৬ ইউনিটের পৌনে ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩২, ৪ জুলাই ২০২৬ | আপডেট: ১৬:১২, ৪ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীর চকবাজারের আশিক টাওয়ারের খাজা মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (৪ জুলাই) বিকাল ৩টা ১৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঝুঁকিপূর্ণ এই ভবনটিতে কোনো ধরনের আগুন নির্বাপণ ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

এর আগে দুপুর ১টা ৩৪ মিনিটে ৮তলা ভবনটির তৃতীয় তলায় একটি দোকানে এ আগুন লাগে।

এক ক্ষুদে বার্তায় ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১টা ৩৪ মিনিটে আগুন লাগার সংবাদ পায় তারা। খবর পেয়ে দুপুর ১টা ৪৬ মিনিটে লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের ১ ঘণ্টা ৪৫ মিনিটের প্রচেষ্টায় বিকেল সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন সংস্থাটির মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।

তিনি আরও জানান, ভবনটিতে মাত্র একটি সিঁড়ি রয়েছে, যা মাত্র দুই ফুট চওড়া। এ ছাড়া ভেতরের দোকানগুলোর শাটারের তালা খুলতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেশ বেগ পেতে হয়েছে এবং সময় লেগেছে। মার্কেটের গুদামগুলোতে প্লাস্টিক, ছাতা ও ইলেকট্রিক মালামাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

তবে ফায়ার সার্ভিসের কর্মীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। আশপাশের মার্কেটে যেন আগুন নতুন করে ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য এখনও কাজ অব্যাহত রাখা হয়েছে বলে জানান তিনি।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও মোট ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা এখন ডাম্পিংয়ের (আগুন পুরোপুরি নির্বাপণ) কাজ করছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি