ঢাকা, রবিবার   ২১ জুন ২০২৬

ধানমণ্ডিতে শিশু রিক্তা মনি হত্যায় ইঞ্জিনিয়ার দম্পতি রিমান্ডে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৯, ২১ জুন ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীর ধানমণ্ডিতে আলোচিত শিশু রিক্তা মনি হত্যা মামলার দুই আসামি মো. সবিবুর রহমান (৪৬) ও ফারাহ নুসরাত ওরফে বর্নিকে (৪০) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি থানা পুলিশ। পরে তাঁদের আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হয়।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, পারিবারিক অস্বচ্ছলতার কারণে ঢাকার ধানমণ্ডি এলাকার একটি বাসায় গৃহকর্মীর কাজ করতো ভুক্তভোগী রিক্তা মনি। সেখানে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো বলে অভিযোগ রয়েছে। 

শুক্রবার সকালে ধানমণ্ডি থানার ওই বাসার ১১ তলা ভবনের বারান্দা থেকে শিশু রিক্তা মনি নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং বাম হাত ভাঙা অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় শুক্রবার রাতে নিহতের পিতা বাদী হয়ে ধানমণ্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

মামলা দায়ের করা করার পর শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ধানমণ্ডি থানা পুলিশের একটি টিম ধানমন্ডি থানাধীন নিজ বাসা থেকে গৃহকর্তা ইঞ্জিনিয়ার সবিবুর রহমান এবং তার স্ত্রী ফারাহ নুসরাত ওরফে বর্নিকে গ্রেফতার করে।

পরে এ মামলায় দুজনকে আদালতে তোলা হলে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ রিমান্ড আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এ তথ্য নিশ্চিত করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি