ঢাকা, শনিবার   ০৪ জুলাই ২০২৬

বিমানবন্দর এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভবঘুরে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৯, ৪ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের উৎপাত বন্ধে একটি বড় ধরনের সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ অভিযানে ৮২ জনকে আটক করা হয়েছে।

শনিবার ভোর ৫টা থেকে শুরু হয় এই অভিযানে। 

বিদেশফেরত প্রবাসী ও সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিমানবন্দরের প্রবেশপথগুলোর শৃঙ্খলা বজায় রাখতে বিমানবন্দর থানা পুলিশ এই বিশেষ অভিযান চালায়।

এই অভিযানে ৫৮ জন মাদকাসক্ত পথশিশু এবং বিভিন্ন অপরাধে জড়িত আরও ২৪ জনসহ সর্বমোট ৮২ জনকে আটক করা হয়। 

থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোরে বিমানবন্দরের গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকা, পুলিশ বক্সের আশপাশ, বিমানবন্দরের মূল প্রবেশপথ এবং ভিভিআইপি ও ভিআইপি রোডসহ সংলগ্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে এই অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে এসব এলাকায় ভবঘুরে ও মাদকাসক্তদের কারণে প্রবাসীরা নানা ধরনের হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছিলেন বলে অভিযোগ ছিল।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, রাষ্ট্রীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এই এলাকায় কোনো অবস্থাতেই অপরাধমূলক পরিবেশ সৃষ্টি করতে দেওয়া হবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিমানবন্দর ও এর আশপাশে পুলিশের বিশেষ টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং বর্তমানে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

অভিযানে বিপুলসংখ্যক অপ্রাপ্তবয়স্ক শিশু আটক হওয়ায় তাদের পুনর্বাসন ও আইনি সুরক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি