ঢাকা, সোমবার   ২০ জুলাই ২০২৬

বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৮, ১৯ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটিতে প্রবেশে সমস্যার কথা জানিয়েছেন। অনেকেই অভিযোগ করেছেন, তারা নিজেদের অ্যাকাউন্টে লগইন করতে পারছেন না। এর পাশাপাশি মেটার ম্যাসেঞ্জার অ্যাপও ব্যবহার করা যাচ্ছে না। এতে দৈনন্দিন বিভিন্ন কাজ স্থবির হয়ে পড়েছে।

রোববার (১৯ জুলাই) ফেসবুক সাইটে সমস্যা দেখা দেয় বিশ্বজুড়ে ভোগান্তিতে পড়েছেন ব্যবহারকারীরা। 

লগইনের চেষ্টা করলে অনেক ব্যবহারকারীর স্ক্রিনে দেখা যাচ্ছে, "Account Temporarily Unavailable. Your account is currently unavailable due to a site issue. We expect this to be resolved shortly. Please try again in a few minutes."

ওয়েবসাইট বিভ্রাট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম Downdetector-এও এ সময় অভিযোগের সংখ্যা হঠাৎ বেড়ে যায়। প্রতিষ্ঠানটির তথ্যমতে, সবচেয়ে বেশি অভিযোগ এসেছে ফেসবুকের ওয়েবসাইট ব্যবহারে (৩২ শতাংশ), এরপর লগইন-সংক্রান্ত সমস্যা (২৬ শতাংশ) এবং নিউজ ফিড বা টাইমলাইন লোড না হওয়ার অভিযোগ (২২ শতাংশ)।

অনেক ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ গিয়ে #FacebookDown হ্যাশট্যাগ ব্যবহার করে সমস্যার কথা জানান। কেউ কেউ ত্রুটির বার্তার স্ক্রিনশটও শেয়ার করেন।

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউন ফর এভ্রিওয়ান অর জাস্ট মি ডট কম ওয়েবসাইটিতে প্রকাশিত তথ্যে দেখা যায়, রোমানিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়ার ব্যবহারকারীরা জানিয়েছেন যে তারা ফেসবুক ব্যবহার করতে পারছেন না। এছাড়াও, হাঙ্গেরি, এস্তোনিয়া, নেদারল্যান্ড, বাংলাদেশ, ভিয়েতনাম, কানাডা, ডেনমার্ক ও নিউজিল্যান্ডের ব্যবহারকারীরাও অভিযোগ করেছেন যে তারা ফেসবুক চালাতে পারছেন না।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি