ঠাকুরগাঁও-১ উপনির্বাচন
ভোট গণনার সময় পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ জামায়াত প্রার্থীর
প্রকাশিত : ২২:৫৮, ২৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ২৩:১৩, ২৯ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন বিগত উপনির্বাচনগুলোর মতোই প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলোয়ার হোসেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে নির্বাচন পরবর্তী এক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন। দেলোয়ার হোসেন দাবি করেন, দলীয় সরকারের অধীনে কখনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। মাঠে আশানুরূপ ভোটার না থাকলেও ফলাফলে তাদের নিজেদের মতো করে শতাংশ দেখানো হয়েছে বলে তিনি অভিযোগ তোলেন।
জামায়াত প্রার্থী অভিযোগ করে বলেন, বিএনপিকে ভোট না দিলে বাড়িতে থাকতে দেওয়া হবে না—এমন হুমকি দিয়ে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করা হয়েছিল।
তিনি আরও জানান, ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি অত্যন্ত কম ছিল। পরবর্তীতে জোরপূর্বক ও অনৈতিকভাবে অর্থ প্রদানের মাধ্যমে ভোটারদের 'ধানের শীষ' প্রতীকে ভোট দিতে বাধ্য করা হয়েছে। নির্বাচনে ব্যাপক হারে জাল ভোট দেওয়া হয়েছে এবং জালিয়াতির অভিযোগে যাদের আটক করা হয়েছিল, তাদেরও পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
ভোট গণনার চূড়ান্ত মুহূর্তে তাদের পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন দেলোয়ার হোসেন।
তিনি বলেন, আমাদের অনেক এজেন্টকে মারধর করে মারাত্মকভাবে আহত করা হয়েছে এবং এখন বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। এই পুরো পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের কাছ থেকে আশানুরূপ ও নিরপেক্ষ কোনো সহায়তা পাওয়া যায়নি বলেও ক্ষোভ প্রকাশ করেন এই প্রার্থী।
এমএইচ
আরও পড়ুন










