রাড্ডায় হামলা-ভাঙচুর: ছাত্রদলের সাবেক নেতা পিয়াস গ্রেপ্তার
প্রকাশিত : ০৮:২২, ৪ অক্টোবর ২০২৬
রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের বিলুপ্ত কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার আলম পিয়াসকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৩ অক্টোবর) শেওড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
একই ঘটনায় শনিবার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৬ বছর বয়সী সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে গ্রেপ্তার করে ডিবি। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি। মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আলোচিত এই ঘটনায় এ নিয়ে মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ডিবির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খাঁন বলেন, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সেখানে ঢুকে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে। পরে ওষুধ, টিকা, চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য মালামাল লুট করে ভারী যন্ত্রপাতি দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
সমমনা দোকানদার সমবায় সমিতির ব্যানারে এই হামলা চালানো হয়।
এ ঘটনায় শাহ আলী থানায় করা মামলায় স্থানীয় বিএনপি নেতা হানিফ মিয়াসহ ২০০-২৫০ জনকে আসামি করা হয়। এ মামলায় এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাড্ডাকাণ্ড নিয়ে আলোচনার মধ্যে গত বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। একই দিনে ঢাকা মহানগর উত্তর যুবদল ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটিও বিলুপ্ত করা হয়। এছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের ১৪ জনকে বহিষ্কারের ঘোষণা আসে।
এ ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বৃহস্পতিবার পদত্যাগ করেন বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি।
এএইচ
আরও পড়ুন










