হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
প্রকাশিত : ১৬:১১, ২৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৬:১৪, ২৩ এপ্রিল ২০২৬
গত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাম ও হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৯৫ শিশু।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নিহতদের মধ্যে নিশ্চিত হামে একজন এবং বাকি চারজনের হাম উপসর্গে মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ২ জন ছাড়াও চট্টগ্রাম ও খুলনা বিভাগে ১ জন করে মোট ২ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে ঢাকা বিভাগে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১২৫ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ১৭০ জন শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ২৮ হাজার ৩৩৪ জন শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ৪ হাজার ৫৯ জন শিশুর হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ১৮ হাজার ৮৪৫ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১৫ হাজার ৭২৮ জন শিশু।
এএইচ










