অর্থ আত্মসাৎ: সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ১৯ জন খালাস
প্রকাশিত : ১৪:২৪, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:২৬, ১৯ নভেম্বর ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ১৫ বছরের সাজা দিয়েছে আদালত। পাশাপাশি জাভেদপত্নী রুকমিলা জামানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোকাররম হোসেন বলেন, অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ প্রমাণ হওয়ায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে মোট ১৫ বছরের সাজা ও ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
পাশাপাশি মামলার আসামিদের মধ্যে ১৭ জনের সাজা ও ১৯ জনকে খালাস দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী প্রকৃতি চৌধুরী ছোটন বলেন, সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে অর্থ পাচারের মামলায় ১০ বছর ও আত্মসাতের অভিযোগে ৫ বছরের সাজা দেওয়া হয়েছে। উনার স্ত্রী রুকমিলা জামানকে দুই অভিযোগে ৫ বছর করে মোট ১০ বছরের সাজা দেওয়া হয়েছে। আমরা সংক্ষুব্ধ, উচ্চ আদালতে আপিল আবেদন করবো।
জানা যায়, রায় ঘোষণার সময় চারজন আসামি উপস্থিত ছিলেন। তাদের মধ্যে একজন খালাস পান।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী ও ভাইবোনসহ ৩১ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়।
এর আগে, গত বছরের ২৪ জুলাই বাদী হয়ে চট্টগ্রাম জেলা কার্যালয়ে মামলাটি করেছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান।
মামলার শুরুতে আসামি ছিলেন ৩১ জন। তদন্ত শেষে গত ৫ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। এতে নতুন করে আরও সাতজনকে আসামি করা হয়। ফলে আসামির সংখ্যা দাঁড়ায় ৩৬ জনে। অভিযোগপত্রে ৯২ জনকে সাক্ষী করা হয়।
এরপর গত ১১ মার্চ চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত ৩৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ৫ এপ্রিল থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলায় মোট ৫৬ জনের সাক্ষ্য নেওয়া হয়।
১৮ নভেম্বর যুক্তিতর্ক শুনানি শেষে আদালত পরদিন রায় ঘোষণার দিন ধার্য করেন। আদালত ৩৬ আসামির মধ্যে ১৭ জনকে দোষী সাব্যস্ত করে সাজা দেন। বাকি ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, ভিশন ট্রেডিং নামে একটি কাগুজে প্রতিষ্ঠানের নামে জাল কাগজপত্র ব্যবহার করে ইউসিবিএলের পোর্ট শাখা থেকে ২৫ কোটি টাকা ঋণ নেওয়া হয়। পরে ওই অর্থ কয়েকটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে সরিয়ে নগদে উত্তোলন এবং হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এএইচ
আরও পড়ুন










