ঢাকা, মঙ্গলবার   ২৫ আগস্ট ২০২৬

কর্তব্যরত অবস্থায় গাড়ির চাপায় ওয়াসা কর্মচারীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২১, ২৫ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীর মিরপুরে সড়ক দুর্ঘটনায় ঢাকা ওয়াসার এক কর্মচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৬টার দিকে মিরপুর-১০ নম্বর এলাকার সেনপাড়ায় দায়িত্ব পালনকালে একটি গাড়ির চাপায় তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত ব্যক্তির নাম শামীম (৪৭)। তিনি প্রায় ২৫ বছর ধরে ঢাকা ওয়াসায় কর্মরত ছিলেন। সেনপাড়া ও সংলগ্ন পানির পাম্প এলাকায় তার দায়িত্ব ছিল। তার গ্রামের বাড়ি পাবনার বেড়া উপজেলার পাইখন্দ বারাদিয়া গ্রামে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকালে দায়িত্ব পালন করার সময় একটি গাড়ি শামীমকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে প্রায় ৩০ মিনিট পর কাফরুল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত গাড়ি ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শামীমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ঢাকা ওয়াসার সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের সহকর্মীর আকস্মিক মৃত্যুতে তারা গভীর শোক প্রকাশ করেছেন।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি