জুলাই সনদের সিদ্ধান্ত মেনে নিন, নতুন ধারণা এনে জটিলতা তৈরি করবেন না: গাজী আতাউর রহমান
প্রকাশিত : ১৯:১৫, ২৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:১৯, ২৫ অক্টোবর ২০২৬
তত্ত্বাবধায়ক সরকার ও জুলাই সনদের সিদ্ধান্ত অনুসরণ করুন এবং নতুন কোনো ধারণা এনে রাজনৈতিক জটিলতা তৈরি না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
রবিবার (২৫ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে গাজী আতাউর রহমান বলেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে জটিল ও বিরোধপূর্ণ বিষয়। দেশ গণতান্ত্রিক পদ্ধতিতে প্রবেশের পর এই ইস্যুতেই সবচেয়ে বেশি রাজনৈতিক সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। অতীতে প্রত্যেকবার ক্ষমতাসীনেরা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নানা ছলচাতুরী ও অকৌশলের আশ্রয় নিয়েছে, যার প্রতিক্রিয়ায় দেশ দীর্ঘ স্বৈরশাসনের কবলে পড়েছিল।
তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত জাতীয় ঐকমত্য কমিশনে বিস্তারিত আলোচনার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে একটি ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছিল। বর্তমান সরকারের উচিত সেই সিদ্ধান্তই অনুসরণ করা। নতুন কোনো ধারণা এনে নতুন করে সংকট তৈরি করার কোনো প্রয়োজন নেই।
মহাসচিব ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার পূর্বের ঐকমত্য থেকে সরে এখন নতুন ধারণার জন্ম দিচ্ছে। রাজনৈতিক সরকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিলে তাতে বিতর্কের সুযোগ তৈরি হবে।
তিনি সরকারকে সতর্ক করে বলেন, তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে যেকোনো পদক্ষেপ অবশ্যই রাজনৈতিক দলগুলোর সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে হতে হবে। এর ব্যতিক্রম হলে দেশ আবারও অস্থিতিশীলতার শিকার হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
এমএইচ
আরও পড়ুন










