ডিএসসিসির ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবে হেরিটেজ রান অনুষ্ঠিত
প্রকাশিত : ১২:৪৬, ১৫ আগস্ট ২০২৬
ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ডিএসসিসির মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে হেরিটেজ রান। এতে অংশ নেন এক হাজারের বেশি নাগরিক।
শনিবার সকালে মতিঝিল শাপলা চত্বর থেকে শুরু হয় হেরিটেজ রান।
এরপর কাকরাইল, রমনা, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, লালবাগ কেল্লা হয়ে সোয়ারিঘাটে গিয়ে শেষ হয় প্রায় ১০ কিলোমিটারের এই আয়োজন। অংশগ্রহণকারীদের দেওয়া হয় পদক ও সনদ।
আয়োজকরা বলছেন, ঢাকার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করার পাশাপাশি পরিচ্ছন্ন ও সবুজ নগর গড়ার বিষয়ে নাগরিকদের সচেতন করাই এ আয়োজনের লক্ষ্য।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, আমাদের নতুন এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী খেলাধুলাকে যেভাবে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন, একইভাবে আমাদের ঐতিহ্যগুলোকে ধরে রাখার ওপরও গুরুত্ব দিয়েছেন।
তিনি বলেন, সেই ঐতিহ্যকে ধারণ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক অত্যন্ত যথাযথ একটি উদ্যোগ নিয়েছেন। আমি বিশ্বাস করি, এই আয়োজনের মাধ্যমে আমাদের ইতিহাস ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে আরও পরিচিত হয়ে উঠবে।
সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, আজকের হেরিটেজ রানে অংশ নিয়ে আপনারা ঢাকার বিভিন্ন এলাকার বাস্তব চিত্র দেখেছেন। কোথাও ভালো রাস্তা, কোথাও ভাঙাচোরা, কোথাও বৃষ্টিতে কর্দমাক্ত— এটাই ঢাকার বাস্তবতা। এই বাস্তবতার মধ্যেই নগরবাসীর জীবনযাত্রা আরও সুন্দর করতে হবে।
তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। নগরবাসী যত্রতত্র ময়লা না ফেললে এবং ব্যবসায়ী ও বাসিন্দারা সহযোগিতা করলে ঢাকাকে আরও সুন্দর রাখা সম্ভব। সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদেরও নিজেদের দায়িত্ব অনুযায়ী সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে।
প্রথমবারের মতো এ আয়োজন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভুলত্রুটি থাকতেই পারে। পরবর্তী সময়ে তা সংশোধন করে প্রতি বছর এ ধরনের আয়োজন করা হবে। পুরান ঢাকাকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পাশাপাশি সাইকেল চালানোর জন্য আলাদা লেন এবং হাঁটা ও দৌড়ের উপযোগী পথ তৈরির পরিকল্পনাও রয়েছে।
‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসব চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। উৎসবে থাকছে নৌকা বাইচ, পুরোনো চলচ্চিত্র প্রদর্শনী, ঘুড়ি উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।
এএইচ
আরও পড়ুন










