ঢাকা, বুধবার   ১৯ আগস্ট ২০২৬

প্রথমবার শ্রমিক কল্যাণ তহবিলে মুনাফার অংশ দিল বিমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৪, ১৮ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

প্রতিষ্ঠার ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে মুনাফার অংশ প্রদান করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ২০২৪-২৫ অর্থবছরের শ্রমিক মুনাফা অংশগ্রহণ তহবিলের প্রদেয় অর্থের ১০ শতাংশ হিসেবে ৪ কোটি ৬৭ লাখ ৪২ হাজার ৭১৪ টাকা দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করে এ অর্থের চেক হস্তান্তর করে।

প্রতিনিধি দলে বিমানের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ডিসিইও, পরিচালক অর্থ এবং সংশ্লিষ্ট মহাব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

বিমান জানায়, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৩)-এর ২৩৪ ধারা অনুযায়ী কোনো কোম্পানির নিট মুনাফার পাঁচ শতাংশ অর্থের ১০ শতাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে দেওয়ার বিধান রয়েছে। সেই আইনি বাধ্যবাধকতার অংশ হিসেবেই বিমান প্রথমবারের মতো এ অর্থ প্রদান করেছে।

বিমান কর্তৃপক্ষ বলছে, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ন্যায্য মুনাফার অংশ প্রদান তাদের প্রাতিষ্ঠানিক ও আর্থিক দায়বদ্ধতার অংশ। জাতীয় আইন ও বিধিবিধান অনুসরণের পাশাপাশি স্বচ্ছ ও জবাবদিহিমূলক আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে ভবিষ্যতেও দেশের শ্রমজীবী মানুষের প্রতি এই দায়বদ্ধতা অব্যাহত রাখার অঙ্গীকার জানিয়েছে সংস্থাটি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি