ঢাকা, মঙ্গলবার   ২৬ মে ২০২৬

ফ্লাইওভারে বাসচাপায় পা বিচ্ছিন্ন যুবকের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৪, ২৮ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৭:৪১, ২৮ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

দুই বাসের চিপায় পড়ে এক শিক্ষার্থীর হাত হারানোর পর এবার রাজধানীতে বাসচাপায় এক যুবকের বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শনিবার দুপুরে যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার শিকার ওই যুবকের নাম মো. রাসেল (২৫)। তিনি প্রাইভেট কার চালক। তাকে শনিবার দুপুরের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, কথা কাটাকাটির জেরে গ্রিনলাইন পরিবহনের এক বাসচালক ক্ষিপ্ত হয়ে প্রাইভেটকার চালক রাসেলের উপর দিয়েই চালিয়ে দেন বাস। এতে ঘটনাস্থলেই রাসেলের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। শঙ্কায় পড়েছে তার জীবন।

পা বিচ্ছন্ন রাসেলের বাবার নাম শফিকুল ইসলাম। গাইবান্ধার পলাশবাড়ি এলাকার বাসিন্দা রাসেল রাজধানীর আদাবর এলাকার সুনিবিড় হাউজিংয়ে বসবাস করতেন এবং স্থানীয় একটি ‘রেন্ট-এ কার’ প্রতিষ্ঠানের প্রাইভেটকার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
 
পুলিশ জানায়, রাসেল যাত্রীসহ সকালে কেরানীগঞ্জে যান। সেখান থেকে ফেরার পথে যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় হানিফ ফ্লাইওভারের ঢালে পৌঁছালে পেছন থেকে গ্রিনলাইন পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। তখন প্রাইভেটকার চালক রাসেল গাড়ি থামিয়ে বাস চালকের সঙ্গে জানালা দিয়ে ধাক্কা দেওয়ার কারণ জানতে চান। কথা কাটাকাটির এক পর্যায়ে গ্রিনলাইন বাসের চালক ক্ষিপ্ত হয়ে রাসেলের উপর দিয়ে বাস চালিয়ে দেন। এতে ঘটনাস্থলেই রাসেলের বাম পায়ের হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, ঘটনার পর পথচারীরা রাসেলকে ঢামেকে নিয়ে আসেন। পরে উন্নত চিকিৎসার জন্য একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
 
এদিকে প্রাইভেটকার চালককে চাপা দিয়ে পালিয়ে আসা গ্রিনলাইন পরিবহনের বাসটিকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

প্রসঙ্গত, রাজধানীর কারওয়ান বাজারে দুই বাসের পাল্লা দেওয়ার সময় চিপায় পরে হাত বিচ্ছন্ন হয়ে যায় তিতুমীর কলেজের ছাত্র রাজীবের। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি