মিষ্টির শূন্য আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন এলিজা
প্রকাশিত : ১৩:৪০, ২৭ অক্টোবর ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩র উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ আসনে অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় আইনগত প্রক্রিয়া শেষে তাঁর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথ তৈরি হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও ইসি সচিবালয়ের যুগ্ম সচিব মঈন উদ্দিন খান তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আসনটিতে অন্য কোনো রাজনৈতিক দল বা স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। ফলে নির্ধারিত সময়ের মধ্যে আপিল নিষ্পত্তি ও প্রার্থিতা প্রত্যাহার-সংক্রান্ত প্রক্রিয়া শেষ হলে তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
এলিজা জামান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক। দলীয় সিদ্ধান্তে তাঁকে শূন্য আসটিতে প্রার্থী করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) তিনি নির্বাচন ভবনে মনোনয়নপত্র জমা দেন।
এর আগে সংরক্ষিত নারী আসনটির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ওই আসনে উপনির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারিত রয়েছে।
তবে একক প্রার্থী হিসেবে এলিজা জামান থাকায় নির্ধারিত আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই তাঁর নির্বাচিত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হবে।
ঐ.মিষ্টি/এএইচ
আরও পড়ুন










