বেতনের দাবিতে সড়ক অবরোধ, আড়াই ঘণ্টা পর প্রত্যাহার
প্রকাশিত : ১৫:৩৫, ২৭ অক্টোবর ২০২৬
বেতন ভাতা বৃদ্ধির দাবিতে গাজীপুরের মৌচাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ আড়াই ঘন্টা পর প্রত্যাহার করেছে শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার বেলা পৌনে ২টায় সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে চলে যায় শ্রমিকরা।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, কালিয়াকৈরের ভান্নারা এলাকায় এসেনশিয়াল ক্লোথিং লিমিটেড কারখানার শ্রমিকরা সকালে কারখানার সামনে আন্দোলন শুরু করেন। এরপর তারা মিছিল নিয়ে কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কে অবস্থান নেন।
এসময় শ্রমিকরা আশপাশের বিভিন্ন ফ্যাক্টরিতে ছুটি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। পরে আশপাশের বেশ কয়েকটি কারখানার গেটে ইটপাটকেল ছোড়েন। পরিস্থিতি শান্ত রাখতে ওই সড়কের অনেক কারখানা ছুটি ঘোষণা করে।
পরবর্তীতে শ্রমিকরা টাঙ্গাইল মহাসড়কের মৌচাকে অবস্থান নেন। এরপর থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা দেড়টার দিকে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শ্রমিকদের দাবি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হবে এ প্রতিশ্রুতি দেয়ার পর শ্রমিকরা সড়ক ছেড়ে চলে গেছে। যানবাহন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
এএইচ
আরও পড়ুন










