ঢাকা, মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬

রংপুরে ৪ খুন: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৭, ২৪ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

রংপুরে একই পরিবারের চার সদস্যকে হত্যা মামলায় আগামী ৩০ নভেম্বরের মধ্যে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করতে যাচ্ছে গোয়েন্দা পুলিশ। মামলায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে অভিযুক্ত করা হচ্ছে। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন আলামতের ডিএনএ পরীক্ষায় তাদের সংশ্লিষ্টতা পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

মামলার তদারকি কর্মকর্তা রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী মঙ্গলবার (২৪ নভেম্বর) এসব তথ্য জানান।

সনাতন চক্রবর্তী বলেন, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন বিশ্লেষণ ও দীর্ঘ তদন্তে হত্যাকাণ্ডে গ্রেপ্তার দুই আসামির জড়িত থাকার বিষয়টি পুলিশের কাছে সন্দেহাতীতভাবে স্পষ্ট হয়েছে। 

ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এ পর্যন্ত অন্তত ৫০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। দুই আসামিই বর্তমানে কারাগারে আছেন।

তিনি বলেন, ডিবি পুলিশের হাতে তদন্তের দায়িত্ব আসার প্রায় তিন মাসের মধ্যে অভিযোগপত্র দাখিল করা হচ্ছে। আদালতে জমা দেওয়ার আগে তদন্তের বিভিন্ন দিক পর্যালোচনা ও প্রয়োজনীয় যাচাই-বাছাই চলছে। এ প্রক্রিয়ায় কোর্ট পুলিশেরও ভূমিকা রয়েছে। ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক জিন্নাত আলী জানান, হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন আলামত ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে পরীক্ষা করা হয়। পরীক্ষায় কয়েকটি নমুনায় দুই আসামির ডিএনএ শনাক্ত হয়েছে।

তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, খেজুরের বিচিতে মুগ্ধ দাস, শসার টুকরায় সিদ্ধার্থ দাস এবং বিড়ির শেষাংশে দুজনেরই ডিএনএ পাওয়া গেছে। এ ছাড়া নিহত প্রীতিলতা চক্রবর্তীর গলায় পেঁচানো গামছার নমুনায় শুধু মুগ্ধ দাসের ডিএনএ শনাক্ত হয়েছে।

গত ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর দুই দফায় ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছিল। এসব নমুনার মধ্যে ছিল খেজুরের বিচি, শসার অংশবিশেষ, ফল কাটার ছুরি, ইয়াবা সেবনের ফয়েল, সিগারেটের শেষাংশ, বেসিনের দাগ এবং দুই আসামির রক্তের নমুনা।

জিন্নাত আলী বলেন, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন, উদ্ধার হওয়া আলামত, আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষীদের বক্তব্য পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চার হত্যাকাণ্ডের পর নিহত গণপতি চক্রবর্তীর মেয়ে আগামী চক্রবর্তী ও স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ধর্ষণের শিকার হয়েছিলেন কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। বিষয়টি নিশ্চিত হতে মা-মেয়ের ভ্যাজাইনাল সোয়াবের নমুনাও পরীক্ষার জন্য পাঠানো হয়। তবে পরীক্ষার প্রতিবেদনে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।

তদন্ত কর্মকর্তা জিন্নাত আলীর দাবি, গণপতি চক্রবর্তী অবসরের পর পাওয়া ৫০ থেকে ৬০ লাখ টাকা ব্যাংক থেকে তুলে বাড়িতে রেখেছেন বলে জানতে পেরেছিলেন আসামিরা। বাড়িতে স্বর্ণালংকার রয়েছে বলেও তাদের ধারণা ছিল। এসব সম্পদ চুরির উদ্দেশ্যে পাশের বাড়ির ছাদ দিয়ে গণপতিদের বাড়িতে প্রবেশ করেন তারা। এরপর পরিবারের চার সদস্যকে একে একে হত্যা করা হয়।

প্রসঙ্গত, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকায় তালাবদ্ধ একটি বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলেসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একই এলাকা থেকে প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা করেন। আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছেন।

আলোচিত এ হত্যাকাণ্ডে আসামিদের বন্ধু সীমান্ত দাস ও দখিগঞ্জ শশ্মানের পাহারাদার বিদ্যুৎ মোহন্ত এবং মাদক সরবরাহকারী শান্ত দাস ওরফে পুঁটি শান্ত সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন। মামলাটি বর্তমানে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত করছে। বর্তমানে দুই আসামি রংপুর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।

একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামির ডিএনএ পরীক্ষায় ঘটনাস্থলে উপস্থিত থাকার সতত্যা পাওয়া গেছে। আলামত হিসেবে সংগ্রহ করা নমুনা পরীক্ষা অর্থাৎ ডিএনএ করে তাদের শনাক্ত করা হয়েছে। এর আগে হত্যাকাণ্ডের ৯ দিন পর আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্ট করা হয়। এতে তাদের শরীরে মাদক সেবনের প্রমাণ মেলেনি।

এমএইচ 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি