ঢাকা, রবিবার   ২৫ অক্টোবর ২০২৬

লগি-বৈঠার তাণ্ডবের বিচার দাবিতে ২ দিনের কর্মসূচি জামায়াতের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৪, ২৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৫:৫৬, ২৫ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

আগামী ২৭ ও ২৮ অক্টোবর দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় সংসদের বিরোধীদল ও বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (২৫ অক্টোবর) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠার নজিরবিহীন তাণ্ডব ও নৃসংশতা ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক কলঙ্কজনক ও কালো অধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সে দিনের সেই নির্মম হত্যাকাণ্ড ও নৈরাজ্যের মধ্য দিয়েই দেশে দীর্ঘ দুই দশকের ফ্যাসিবাদ, গণতন্ত্র হত্যা ও নাগরিক অধিকার হরণের বিষবৃক্ষ রোপিত হয়েছিল।

তিনি বলেন, ঐতিহাসিক এ ঘটনার দুই দশক পূর্তি হতে চলছে। আজও হত্যাকারীদের বিচার হয়নি যা খুবই দুঃখজনক ও লজ্জাজনক। এই পৈশাচিক ও বর্বর হত্যাকাণ্ডের সাথে জড়িত দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

গোলাম পরওয়ার বলেন, কেন্দ্রীয় সংগঠন এই নারকীয় হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবিতে দুই দিনের নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করেছে।

জামায়াত সেক্রেটারি বলেন, ২৭ অক্টোবর ঢাকা মহানগরীতে আলোচনা সভা। এতে জামায়াতের আমির প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। অন্যদিকে ২৮ অক্টোবর সারাদেশে বিক্ষোভ, আলোচনা সভা ও দোয়া। জামায়াতের সকল শাখাকে এ দিবস উপলক্ষে উক্ত কর্মসূচি গ্রহণ করে তা বাস্তবায়নের জন্য আহবান জানাচ্ছি। 

একইসঙ্গে ঘোষিত কর্মসূচি সার্বিকভাবে সফল করতে দেশের কৃষক-শ্রমিক, ছাত্র-জনতাসহ সব শ্রেণিপেশার মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি