ঢাকা, রবিবার   ০৮ নভেম্বর ২০২৬

শিক্ষার্থী জোবায়েদ হত্যা: ৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৮, ৮ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেন হত্যা মামলায় তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

রোববার দুপুরে ঢাকার ১৫তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ মাজহারুল ইসলাম এ আদেশ দেন।

আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন আদালত। একই সঙ্গে আগামী ৯ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

মামলার তিন আসামি হলেন- জোবায়েদের ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা, বর্ষার প্রেমিক মাহির রহমান এবং মাহিরের বন্ধু ফারদীন আহম্মেদ আয়লান। শুনানির সময় তিন আসামিকেই কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ১৯ অক্টোবর বিকেলে বংশালের নুর বক্স লেনের একটি বাসায় বর্ষাকে পড়াতে যান জোবায়েদ। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক ছোট ভাইকে মেসেঞ্জারে বর্ষা জানান, জোবায়েদ স্যার খুন হয়েছেন।

পরে খবর পেয়ে স্বজনরা ওই বাসায় গিয়ে সিঁড়িতে রক্তের দাগ এবং তৃতীয় তলার সিঁড়িতে জোবায়েদের রক্তাক্ত মরদেহ দেখতে পান।

এ ঘটনায় ২১ অক্টোবর নিহতের বড় ভাই এনায়েত হোসেন সৈকত বংশাল থানায় হত্যা মামলা করেন।

প্রায় নয় মাস তদন্ত শেষে গত ৩০ জুন আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এতে তিনজনকেই অভিযুক্ত করা হয়। তদন্তে হত্যাকাণ্ডের পেছনে ত্রিভুজ প্রেমের সংশ্লিষ্টতার বিষয়টি উঠে এসেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি