সংসদে বসেও প্রাণনাশ ও ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগ এমপি মাহমুদা মিতুর
প্রকাশিত : ১৯:২৬, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৩৩, ১৬ নভেম্বর ২০২৬
প্রাণনাশ ও ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগে রাজধানীর তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু।
তাঁর দাবি, গত আট-নয় দিন ধরে একটি চক্র তাঁকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে এবং টানা দুই দিন জাতীয় সংসদে বসেও তিনি একই ধরনের হুমকি পেয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে থানায় জিডি করার পর বেলা পৌনে ৩টার দিকে গণমাধ্যমকর্মীদের সামনে নিজের এই অভিযোগ ও নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেন তিনি।
ডা. মাহমুদা মিতু জানান, দেশে ককটেল হামলা ও নানা বিশৃঙ্খলা শুরু হওয়ার পর থেকেই তাঁকে লক্ষ্য করে হুমকির মাত্রা বাড়তে থাকে। শুরুর দিকে বিষয়টিকে তেমন আমলে না নিলেও বর্তমানে পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। এমনকি সংসদ অধিবেশনের সান্ধ্যকালীন বিরতির সময় টানা দুই দিন সংসদের ভেতরে বসেই তিনি এমন হুমকির শিকার হয়েছেন।
ক্ষোভ প্রকাশ করে এই সংসদ সদস্য বলেন, কোনো একক ব্যক্তি নয়, বরং একটি সংঘবদ্ধ গোষ্ঠী অত্যন্ত বিকৃত ভাষায় তাঁকে হত্যা ও ধর্ষণের হুমকি দিচ্ছে। এটিকে কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে নারাজ তিনি।
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নাজুক উল্লেখ করে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো এসব অপতৎপরতা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই নেত্রী।
তাঁর মতে, জুলাই গণ-অভ্যুত্থানে যাঁরা সম্মুখসারিতে ছিলেন, তাঁরা নিজেদের জীবন নিয়ে খুব একটা ভাবেন না; তবে তাঁদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে।
হুমকির নেপথ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি কূটনৈতিক দুর্বলতার অভিযোগও তোলেন ডা. মিতু। তিনি দাবি করেন, প্রতিবেশী দেশ ভারত থেকে তাঁকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে এবং এর স্বপক্ষে তাঁর কাছে কল রেকর্ড ও স্ক্রিনশটসহ পর্যাপ্ত প্রমাণ রয়েছে।
দিল্লির উসকানিতে দেশের ভেতরে প্রতিদিন অরাজকতা তৈরি করা হচ্ছে এমন অভিযোগ করে তিনি ভারতীয় হাইকমিশনারকে তলব করার দাবি জানান। ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা চাওয়া উচিত বলে মনে করেন তিনি।
পাশাপাশি এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কী কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে, তাও জানতে চান তিনি। রাজনৈতিক প্রসঙ্গ টেনে মাহমুদা মিতু দল হিসেবে আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া শুরুর দাবি জানান।
তাঁর অভিযোগ, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আবারও প্রকাশ্যে সাংগঠনিক তৎপরতা চালানোর সাহস দেখাচ্ছেন। নিজ এলাকা ঝালকাঠির একটি উপজেলার উদাহরণ দিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে এমন কিছু দেখা না গেলেও সম্প্রতি সেখানে স্বেচ্ছাসেবক লীগের দুটি কমিটি ঘোষণা করা হয়েছে, যা সাধারণ মানুষের জন্য হুমকিস্বরূপ।
একজন সংসদ সদস্য হয়েও নিজের নিরাপত্তার জন্য থানায় গিয়ে জিডি করতে হওয়াকে চরম লজ্জাজনক পরিস্থিতি হিসেবে অভিহিত করেন তিনি। তাঁর ভাষ্যমতে, সংসদের মতো সুরক্ষিত জায়গায় বসেই যদি একজন নারী এমপিকে প্রাণনাশের হুমকি পেতে হয়, তবে জুলাই আন্দোলনে অংশ নেওয়া সাধারণ নারীরা আরও বেশি অনিরাপদ। বর্তমান সরকারের আমলে এমন পরিস্থিতি চলতে থাকাটা প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য অত্যন্ত বিব্রতকর বলেও মন্তব্য করেন তিনি।
এমএইচ
আরও পড়ুন










