ঢাকা, মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

১২ ঘন্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৫, ১৩ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় ১২ ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে চকবাজারের মনসুর খান প্লাজার আগুন। ভেতরে প্রচণ্ড ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় ফায়ার কর্মীদের। এসময় আহত হয় দুইজন। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনসুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়েছেন ফায়ার সার্ভিসের দুই কর্মী। ফায়ার সার্ভিসের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর কাজ করছেন।

ফায়ার সার্ভিস আরও জানায়, পুরান ঢাকার সরু রাস্তাঘাট এবং ভবনের কাঠামোগত জটিলতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।

এর আগে সোমবার বিকেল ৫টার পরে আগুন লাগে রাজধানীর চকবাজারের মনসুর খান প্লাজায়। ভবনটির ৭ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে আগুন ৫ তলা পর্যন্ত ছড়ায়। পরে এই আগুন পাশের ভবনেও ছড়ায়। 

ঘটনাস্থল পরিদর্শনে যান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক। এসময় তিনি ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন। 

ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভবনটির কসমেটিকস ও ব্যাগের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। পরে তা বিভিন্ন কম্পার্টমেন্টে ছড়িয়ে পড়ে। 

তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরো সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি