ঢাকা, রবিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৬

৭২ ঘণ্টায় মেট্রোরেল পিলারের পোস্টার ও লিফলেট অপসারণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫১, ২৭ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের নির্দেশনার পর নির্ধারিত ৭২ ঘণ্টার মধ্যেই শেওড়াপাড়া থেকে মিরপুর-১০ মেট্রোরেল এলাকার পিলার থেকে সব ধরনের পোস্টার ও লিফলেট অপসারণ করা হয়েছে।

রোববার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ছাত্রদল ও যুবদলের স্বেচ্ছাসেবক সদস্যরা এ পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন করেন।

সকাল ১০টা থেকে স্বেচ্ছাসেবকরা মিরপুর-১০ মেট্রোরেল এলাকার পিলার থেকে পোস্টার ও লিফলেট অপসারণের কাজ শুরু করেন। পরে তারা শেওড়াপাড়া মেট্রোরেল এলাকায় গিয়ে কার্যক্রম শেষ করেন।

দিনব্যাপী অভিযানে মেট্রোরেলের প্রতিটি পিলার এবং আশপাশের এলাকা থেকে বিভিন্ন ধরনের পোস্টার ও লিফলেট সরিয়ে ফেলা হয়। এর ফলে মেট্রোরেলের নিচের সড়ক ও আশপাশের পরিবেশ আগের তুলনায় পরিচ্ছন্ন হয়েছে বলে জানান স্থানীয় পথচারীরা।

এর আগে শনিবার শেওড়াপাড়া মেট্রোরেল এলাকায় সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। এ সময় তিনি মেট্রোরেলের পিলার ও আশপাশে থাকা পোস্টার-লিফলেট ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দেন।

প্রশাসকের নির্দেশনার পর নির্ধারিত সময়ের মধ্যেই সংশ্লিষ্ট এলাকায় পোস্টার ও লিফলেট অপসারণের এ কার্যক্রম সম্পন্ন করা হলো।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি