ঢাকা, বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬

নতুন ২ ওয়ার্ড পাচ্ছে ঢাকা উত্তর সিটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৯, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিদ্যমান ২ ও ৬ নম্বর ওয়ার্ডকে বিভক্ত করে নতুন দুটি ওয়ার্ড গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এই সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন করতে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে সীমানা নির্ধারণ কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তাকে সুপারিশসহ চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ডিএনসিসির আওতাধীন বিদ্যমান ২ নম্বর ওয়ার্ডকে বিভক্ত করে আরও একটি নতুন ওয়ার্ড এবং বিদ্যমান ৬ নম্বর ওয়ার্ডকে বিভক্ত করে আরেকটি নতুন ওয়ার্ড গঠনের লক্ষ্যে প্রস্তাব পাওয়া গেছে।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ২৭ ও ২৯ ধারা অনুযায়ী এই নতুন ওয়ার্ড দুটির সীমানা নির্ধারণ করা হবে।

এই কাজে প্রধান সীমানা নির্ধারণ কর্মকর্তাকে সহায়তা করতে আরও তিনজনকে সহকারী সীমানা নির্ধারণ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা, ঢাকার জেলা প্রশাসকের প্রতিনিধি এবং ডিএনসিসির অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা।

বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৪টি ওয়ার্ড রয়েছে। নতুন দুটি ওয়ার্ডের সীমানা চূড়ান্ত হলে এই সংখ্যা বেড়ে ৫৬টিতে পৌঁছাবে।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি