জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, সিএনজিচালক আহত
প্রকাশিত : ১০:০০, ১৫ অক্টোবর ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক সিএনজিচালক আহত হয়েছেন বলে জানা গেছে।
বুথআর রাত পৌনে ১১টার দিকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে এই ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে আহত সিএনজি চালকের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার পরে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে কে বা কারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, জাদুঘরের সামনে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছিল। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। ককটেলটি একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়লে চালক আহত হন।
তিনি আরও বলেন, আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
এদিকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ। তিনি বলেন, জাদুঘরের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় এক অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জাদুঘরের কার্যক্রম বাধাগ্রস্ত করা যাবে না।
মহাপরিচালক আরও বলেন, গণঅভ্যুত্থানের পরাজিত শক্তি এ ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আরও ঘৃণিত হবে। জাদুঘরের বাইরের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার বিষয়েও তারা সচেষ্ট থাকবেন।
এএইচ
আরও পড়ুন










