শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব-ডিসিসহ গ্রেপ্তার ৪
প্রকাশিত : ০৮:৪০, ২৬ নভেম্বর ২০২৬
রাজধানীর ধানমন্ডি থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন ও আয়কর আইনজীবী সুফি মো. আল মামুনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার দিবাগত রাত ১টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে এই তিনজনকে আটক করা হয়।
এদিকে মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর রাজিবের সহযোগী আল আমিনকে ককটেলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। পৃথক এসব ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছাত্রদলের নেতাকর্মীরা কে এম শাখাওয়াত মুনকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তা যাচাই করা হচ্ছে।
কে এম শাখাওয়াত মুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করেছেন। পেশাগত জীবনে তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে তাকে পিআইবি থেকে বদলি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপপ্রেস সচিব হিসেবে সংযুক্ত করা হয়। সরকার পরিবর্তনের পর তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্রদলের নেতা-কর্মীদের মাধ্যমে হস্তান্তর হওয়া তিনজন এবং ককটেলসহ গ্রেপ্তার হওয়া আল আমিনসহ মোট চারজনই বর্তমানে মোহাম্মদপুর থানা-পুলিশের হেফাজতে আছেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এএইচ
আরও পড়ুন










