ঢাকা, মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬

পোশাককর্মী সায়মন হত্যায় তিন আসামির মৃত্যুদণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৩, ৬ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

চার বছর আগে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পোশাককর্মী সায়মনকে ছিনতাইয়ের পর হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার ১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল ইসলামের আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ইউসুফ, ইকবাল খাঁ ও মেহেদী হাসান। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

আর চোরাই মোবাইল কেনার দায়ে সুজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

রায় ঘোষণার আগে বিচারক মামলার বিষয়বস্তু তুলে ধরেন। পরে পর্যবেক্ষণে বিচারক বলেন, বর্তমান সময়ে ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। ছিনতাইয়ের পর আঘাত করার ঘটনাও ঘটছে। অনেকের মধ্যে ধারণা জন্মেছে, এসব ঘটনায় বিচার হয় না। সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায় না। 

বিচারক আরও বলেন, এ মামলা ভিকটিমের বয়স ১৭ বছর আর উপার্জনক্ষম ছিল। সমাজের প্রতি ম্যাসেজ দেয়ার জন্য এ মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়ার সিদ্ধান্ত গৃহীত।

মামলার অভিযোগে জানা যায়, ২০২২ সালের ১১ অক্টোবর বেতন তুলে সহকর্মীদের সঙ্গে বাড়ি ফেরার পথে সায়মনকে ভয় দেখিয়ে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে নিয়ে যায় তিন ছিনতাইকারী। টাকা ও মোবাইল দিতে অস্বীকৃতি জানালে তাকে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় তারা। 

পরে হাসপাতালে নেওয়া হলে সায়মনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মামলার তদন্ত শেষে চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। বিচার চলাকালে আদালত ১৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন। এরপর আজ মঙ্গলবার এ রায় ঘোষণা করা হলো।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি