ঢাকা, বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬

আদালতে ক্ষোভ প্রকাশ পলকের, সামনে হাতকড়া পরানোর দাবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৯, ৮ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

আদালতের ছয় তলায় হাঁটিয়ে নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। একইসঙ্গে নিরাপত্তার স্বার্থে পেছনে নয়, সামনে হাতকড়া পরানোর দাবি জানান তিনি।

বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এ জুলাই আন্দোলনে মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলার অভিযোগ গঠন শুনানিতে কাঠগড়ায় দাঁড়িয়ে এসব কথা বলেন পলক।

পলক বলেন, লিফট চালু থাকা সত্ত্বেও তাকে পেছনে হাতকড়া পরিয়ে ছয়তলা সিঁড়ি দিয়ে ওঠানো হয়েছে। মানবিক দিক বিবেচনায় সামনে হাতকড়া পরানোর ব্যবস্থা করার অনুরোধ জানান তিনি।

জবাবে বিচারক বলেন, আসামিদের নিরাপত্তার জন্যই এমন ব্যবস্থা। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীর সঙ্গেও পলকের কথাকাটাকাটি হয়।

তবে মামলার দুই আসামিকে অন্য মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করায় অভিযোগ গঠনের শুনানি হয়নি। আগামী ২৬ অক্টোবর শুনানির দিন ধার্য করেছেন আদালত।

পরে লিফটে করে পলককে নিচে নামানো হয়। হাজতখানায় নেওয়ার সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘লিফট শুধু আমাদের জন্য নষ্ট থাকে।’

মামলার অভিযোগপত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ২০ জন পলাতক রয়েছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি