ঢাকা, মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি ফের গ্রেপ্তার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫০, ১৯ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারো গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর ডিবির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি প্রধান জানান, দিলীপ কুমার আগারওয়ালার বিরুদ্ধে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) সুনির্দিষ্ট মামলা রয়েছে। সেই মামলার সূত্র ধরে সিআইডির বিশেষ অনুরোধে ডিবি পুলিশ বনানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই সোনা ও হীরা চোরাচালান, গ্রাহকদের সাথে প্রতারণা, জালিয়াতি এবং কোটি কোটি টাকা মানি লন্ডারিংয়ের (অর্থপাচার) অভিযোগে তৎকালীন র‍্যাব দিলীপ কুমারকে প্রথমবার গ্রেপ্তার করেছিল। দীর্ঘদিন কারাগারে থাকার পর সম্প্রতি তিনি আদালত থেকে জামিনে বের হয়ে এসেছিলেন। জামিনে থাকার পরই নতুন করে সিআইডির মামলার বেড়াজালে তাকে আবারও গ্রেপ্তার হতে হলো।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি