ঢাকা, শনিবার   ৩১ অক্টোবর ২০২৬

সে কেন পানিতে ঝাঁপ দেবে? প্রশ্নই আসে না: তাহসিফের বাবার প্রশ্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৭, ৩০ অক্টোবর ২০২৬ | আপডেট: ২৩:০০, ৩০ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপের দেওয়া জবানবন্দি সরাসরি প্রত্যাখ্যান করেছেন তাহসিফের বাবা এ কে এম এনায়েতুল করিম। 

শুক্রবার (৩০ অক্টোবর) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) জিজ্ঞাসাবাদে দ্বীপের দেওয়া ‘ধাওয়ার মুখে তুরাগ নদে ঝাঁপ দেওয়ার’ তত্ত্বকে সম্পূর্ণ ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

তাহসিফের বাবা জোর দিয়ে বলেন, তার ছেলের সাঁতারে বিশেষ প্রশিক্ষণ ছিল। পাইলট হিসেবে প্রশিক্ষণের অংশ হিসেবে সাঁতারের ওপর তার বিশেষ কোর্স ও সনদও ছিল। শুধু সাঁতার নয়, সেলফ ডিফেন্স বা আত্মরক্ষার ওপরও তার উচ্চতর ট্রেনিং ছিল। 

ফলে কিছু লোকের ধাওয়ার মুখে পড়ে একজন সাবেক কমিশন্ড অফিসার এভাবে নদীতে ঝাঁপ দেবেন বা দৌড়ে পালাবেন, তা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। 

একশ জন আসলেও একজন কমিশন্ড অফিসার পিছু হটবে না দাবি করে তিনি বলেন, সে কেন ঝাঁপ দেবে? প্রশ্নই আসে না। একজন পুলিশ বা কনস্টেবল ধাওয়া দিলে, একজন কমিশন্ড অফিসারের দৌড় দেওয়াটাই হাস্যকর।

তাহসিফ নিখোঁজ হওয়ার আগে গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দ্বীপের ডাকেই বাসা থেকে বের হয়েছিলেন। পরদিন ২৮ অক্টোবর তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

এই ঘটনায় বৃহস্পতিবার রাতে দ্বীপকে হেফাজতে নেয় পিবিআই ঢাকা মেট্রো (উত্তর)। পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে দ্বীপ দাবি করেন, ঘটনার দিন কিছু লোক তাদের ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন এবং দ্বীপ নিজে পালিয়ে আসেন।

তবে পিবিআই ঢাকা মেট্রো উত্তরের পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, দ্বীপ একেক সময় একেক রকম কথা বলছেন এবং তার বক্তব্য বারবার পরিবর্তন হচ্ছে। 

দ্বীপের সর্বশেষ তথ্যের ভিত্তিতে তুরাগ নদের ঘটনাস্থল থেকে একটি নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। মোটরসাইকেলটি তাহসিফের কি না, তা যাচাই করা হচ্ছে। তবে তাহসিফকে বিপদে ফেলে দ্বীপ কেন একা চলে গেলেন, সেই রহস্য এখনো উদঘাটিত হয়নি।

এই চাঞ্চল্যকর ঘটনায় তাহসিফের পরিবার এখনই কোনো আনুষ্ঠানিক মামলা দায়ের করেনি। তাহসিফের বাবা জানান, মামলা করার প্রয়োজন নেই। সরকারি তদন্ত সংস্থাগুলোর ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে এবং তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলে তিনি মনে করেন। 

পিবিআই জানিয়েছে, দ্বীপের অবস্থান, উদ্ধার হওয়া মোটরসাইকেল এবং তার দেওয়া অসংলগ্ন বক্তব্যগুলো নিখুঁতভাবে যাচাই-বাছাই করা হচ্ছে এবং খুব দ্রুতই ঘটনার প্রকৃত সত্য উন্মোচন করা হবে।

এমএইচ 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি