ঢাকা, সোমবার   ২৩ নভেম্বর ২০২৬

মোহাম্মদপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৫, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:৩৫, ২৩ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীর মোহাম্মদপুরে স্ত্রী খাবিরুন নেছাকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী মো. নুরুল আবসারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

সোমবার ঢাকার ১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জাহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

প্রায় ১৬-১৭ বছর আগে নুরুল আবসারের সঙ্গে খাবিরুন নেছার বিয়ে হয়। তাদের সংসারে রয়েছে দুটি কন্যাসন্তান। অভিযোগ, বিয়ের পর থেকেই স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন নুরুল আবসার। প্রতিবাদ করলে হাত-পা বেঁধে মারধর করা হতো তাকে।

২০২৩ সালের ১০ সেপ্টেম্বর গ্রামের বাড়ি থেকে স্বামীর বাসায় ফেরেন খাবিরুন নেছা। পরদিন ১১ সেপ্টেম্বর সকালে মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের বাসায় তার হাত-পা বেঁধে বেধড়ক মারধর করা হয়। পরে দুপুরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই মো. জুব্বার মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০২৪ সালের ২২ এপ্রিল নুরুল আবসারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

মামলার বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ ১০ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করে। অন্যদিকে, নিজেকে নির্দোষ দাবি করে সাফাই সাক্ষ্য দেন আসামি। তার দাবি ছিল, স্ত্রী স্ট্রোক করে স্বাভাবিকভাবে মারা গেছেন।

তবে সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি