ঢাকা, সোমবার   ১৯ অক্টোবর ২০২৬

আগামী বছর দেশে বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩১, ১৮ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

আগামী বছর দেশে উৎপাদিত বিদ্যুৎ রাখার মতো জায়গা থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। রোববার (১৮ অক্টোবর) দুপুরে বরগুনার বেতাগী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ উন্নয়ন ও আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, "হাসিনার সরকারের আমলে কেবল বিদ্যুৎ প্লান্ট স্থাপন করা হয়েছিল, কিন্তু সেগুলোর ভেতরে কোনো প্রয়োজনীয় যন্ত্রপাতি বা মেশিন ছিল না। মূলত টাকা আত্মসাৎ ও দুর্নীতির উদ্দেশ্যে এসব নামসর্বস্ব বিদ্যুৎ প্লান্ট তৈরি করা হয়েছিল।" বিগত সরকারের এই ভুল নীতি ও দুর্নীতির দায়ের কারণে বর্তমান সরকারের পক্ষে হুট করে বিদ্যুতের বিল কমানোর কোনো সহজ রাস্তা বা বিকল্প উপায় অবশিষ্ট নেই বলেও তিনি উল্লেখ করেন।

দেশে গত দুই বছরে কোনো ধরনের সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটেনি বলে দাবি করেন চিফ হুইপ। তিনি বলেন, বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এই দেশের সমান নাগরিক এবং রাষ্ট্রীয়ভাবে সবার অধিকার সমান। বর্তমান সরকারের আমলে অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন বদ্ধপরিকর বলে তিনি জানান।

আইনশৃঙ্খলা সভা শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বেতাগী উপজেলার অসহায় ও দুস্থ ৩৭টি পরিবারের মাঝে পুনর্বাসনের জন্য ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন। একই সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার প্রতিটি পূজা মণ্ডপের অনুকূলে নগদ অর্থ ও সরকারি জিআর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি