ঢাকা, রবিবার   ১৮ অক্টোবর ২০২৬

এবার স্টেট পার্লামেন্টে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মাসুদ খলিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৩, ১৮ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) স্টেট পার্লামেন্টের আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিবিদ ও ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ খলিল। সম্প্রতি পশ্চিম সিডনির রন মুর কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। আগামী ২০২৭ সালের মার্চে এনএসডব্লিউ স্টেট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মাসুদ খলিল দীর্ঘদিন ধরে সিডনির ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলে স্বতন্ত্র কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশি বংশোদ্ভূতদের মধ্যে তিনিই প্রথম কোনো সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছিলেন বলে উল্লেখ করা হয়। বড় রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের মোকাবিলা করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর এই অর্জন অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটিতে বিশেষ গুরুত্ব পেয়েছে।

স্থানীয় সরকারে দায়িত্ব পালনের পর এবার স্টেট পর্যায়ের রাজনীতিতে যুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এনএসডব্লিউ পার্লামেন্ট নির্বাচনে ক্যাম্পবেলটাউন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে স্থানীয় ভোটারদের সমর্থন কামনা করেন মাসুদ খলিল।

অনুষ্ঠানে মাসুদ খলিল বলেন, অস্ট্রেলিয়ার রাজনীতি দীর্ঘদিন ধরে দুটি বড় দলের প্রভাবের মধ্যে রয়েছে। তাঁর মতে, এর ফলে অনেক সময় জনগণের মৌলিক সেবা ও স্থানীয় সমস্যার চেয়ে দলীয় স্বার্থ বেশি গুরুত্ব পায়।

‘কমিউনিটি ভয়েস অব অস্ট্রেলিয়া’র প্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে রাজনৈতিক সংস্কারে ভূমিকা রাখা এবং তৃণমূল পর্যায়ে জনগণের সেবা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেন তিনি।

ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর খালেদ হালাবির সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী, পেশাজীবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকারে কাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্টেট পার্লামেন্টে জনগণের প্রতিনিধিত্ব করাই এখন মাসুদ খলিলের সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ। তাঁর এই প্রার্থিতা আগামী নির্বাচনে ক্যাম্পবেলটাউন আসনের প্রতিদ্বন্দ্বিতায় নতুন মাত্রা যোগ করতে পারে।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি