গোলাম পরওয়ারকে রক্ষা করতে গেলে দায় নিতে হবে জামায়াতকেও: রাশেদ
প্রকাশিত : ১৫:২২, ২৮ অক্টোবর ২০২৬
ভারতীয় এক উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম পরওয়ারের কথিত গোপন বৈঠক নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, গোলাম পরওয়ারকে রক্ষা করতে গেলে এ ঘটনায় জামায়াতকেও দায় নিতে হবে।
বুধবার (২৮ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘জামায়াতের এই বিবৃতির ভাষা কি প্রমাণ করে না যে মিয়া গোলাম পরওয়ার গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন? বিবৃতিতে কোথাও বৈঠক না হওয়ার বিষয়ে অস্বীকার করে নাই এবং বিবৃতিতে কোথাও ভারত শব্দটা পর্যন্ত আনে নাই! কেন? শোনেন, মিয়া গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছে, জামায়াত তাকে রক্ষা করতে গেলে পুরো দলকে এর দায় নিতে হবে। আর এখন থেকে জামায়াতের নেতাকর্মীরা দিল্লি না ঢাকা স্লোগান দিলে জনগণ উত্তর দেবে মুনাফেক মুনাফেক! দিল্লি না ঢাকা.... মুনাফেক, মুনাফেক!’
রাশেদ খাঁন লেখেন, ‘গতকাল নিশ্চয়ই খেয়াল করেছেন, সাংবাদিক যে সময় বলছিল মিয়া গোলাম পরওয়ার ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাইল, তিনি বা পাশ থেকে কেউ বললেন, না আজকে অন্য প্রশ্ন না! আবার তিনি তড়িঘড়ি করে গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকসংক্রান্ত প্রশ্নের উত্তর দিয়ে অন্য প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চলে গেলেন! তিনি যদি ওই দিন অন্য প্রশ্ন না নিবেন, তবে কেন প্রথম প্রশ্নের যথাযথ উত্তর না দিয়ে দ্বিতীয় প্রশ্নের যথাযথ উত্তর দিলেন?’
‘এর মূল কারণ হলো, প্রথম প্রশ্নে তিনি ইতস্তত অনুভব করছিলেন যে, টুপি মাথায় দিয়ে আর কত মিথ্যা বলা যায়! আমিও অবাক হলাম, জামায়াত যে ইসলামের কথা বলে! তাদের ইসলাম মানে কি টুপি মাথায় দিয়ে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানানো?’
এর আগে, রাশেদ খাঁন অভিযোগ করেন, ১৬ অক্টোবর রাজধানীর বারিধারায় একটি বাড়িতে ভারতীয় এক উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন গোলাম পরওয়ার, জামায়াত নেতা এ টি এম মাছুমসহ তিনজন। এ বৈঠক নিয়ে ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রমাণ হিসেবে একটি ভিডিও প্রকাশ করেন রাশেদ খাঁন। তাঁর দাবি, বৈঠক শেষে গোলাম পরওয়ারসহ জামায়াতের প্রতিনিধিদলের সদস্যরা একটি গাড়িতে করে সেখান থেকে বের হন। তবে ভিডিওটি কবে ধারণ করা হয়েছে এবং গাড়িতে কারা ছিলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেননি তিনি।
রাশেদ খাঁন আরও অভিযোগ করেন, আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে আন্দোলনের পরিকল্পনার অংশ হিসেবে ওই বৈঠক হয়ে থাকতে পারে।
অন্যদিকে, জামায়াতের পক্ষ থেকে অভিযোগগুলো অস্বীকার করা হয়েছে। দলটি জানিয়েছে, কথিত বৈঠক নিয়ে প্রচারিত তথ্য মিথ্যা ও ভিত্তিহীন। অভিযোগের পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপনেরও আহ্বান জানিয়েছে দলটি।
ঐ.মিষ্টি//এএইচ
আরও পড়ুন










