ঢাকা, বুধবার   ২৮ অক্টোবর ২০২৬

সন্তানের কোটি টাকার ফ্ল্যাটে জায়গা হয়নি মায়ের, গ্রামে মিললো পচা-গলা লাশ

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২১, ২৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৪:২৫, ২৮ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

বরিশালের বাবুগঞ্জে ৬৫ বছর বয়সী মোসাঃ তাহমিনা বেগমের পচা-গলা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঢাকায় সন্তানদের বিলাসবহুল ফ্ল্যাট থাকা সত্ত্বেও থাকার জায়গা হয়নি তার। একা থাকতেন গ্রামে, কখনও যে তার মৃত্যু হয়েছে তা কেউ বলতে পারে না।

বুধবার সকালে নতুনহাট এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

চারপাশে ছড়িয়ে পড়েছে তীব্র এক দুর্গন্ধ। গন্ধের উৎস খুঁজতে গিয়ে সবাই থামলো বৃদ্ধা তহমিনার দরজায়। দরজায় ধাক্কা দিতেই খুলে গেলো, ভেতেরে অনুভূত হলো তীব্র গন্ধ, খাটের উপর পরে আছে তাঁরই পচা-গলা লাশ।

ঘটনাটি বরিশাল বাবুগঞ্জের রাকুদিয়া গ্রামের। আজ সকালে নতুনহাট এলাকার একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়েছে ৬৫ বছর বয়সী বৃদ্ধা মোসাঃ তাহমিনা বেগমের মরদেহ। কিন্তু এই মৃত্যুর চেয়েও নির্মম, তাঁর বেঁচে থাকার গল্প।

স্বামী কদম আলী হাওলাদার দুনিয়া ছেড়েছেন বহু আগে। চার সন্তানকে আগলে রেখেছিলেন পরম মমতায়। বড় ছেলে সুমন, ছোট ছেলে আওলাদ, আর দুই মেয়ে মুক্তা ও মনি। 

কর্মের তাগিদে, ভালো থাকার আশায় সন্তানরা সবাই আজ পরিবার নিয়ে থাকেন রাজধানী ঢাকায়। বড় ছেলের উত্তরার মতো অভিজাত এলাকায় রয়েছে নিজস্ব ফ্ল্যাটও। কিন্তু কোটি টাকার সেই ফ্ল্যাটে ঠাঁই হয়নি গর্ভধারিণী মায়ের! সন্তানদের ব্যস্ত শহরে মায়ের জন্য মেলেনি সামান্য একটু জায়গা।

জন্মদাত্রী মায়ের শেষ আশ্রয় হয়েছিল ভাইয়ের মাধ্যমে নেওয়া বাবুগঞ্জের নতুনহাটের এই ছোট্ট ভাড়া বাসায়। গত শুক্রবার সন্ধ্যায় স্বজনদের সাথে শেষ কথা হয়েছিল তাঁর। এরপর আর কোনো সাড়া শব্দ মেলেনি। রোগাক্রান্ত শরীরে একা একা, বিনা চিকিৎসায়, হয়তো বা সন্তানদের একটু দেখার আকুতি নিয়ে কখন যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, তা টেরও পায়নি কেউ।

একাকীত্বে ভোগা এই বৃদ্ধার মৃত্যুর ঘটনায় সমাজের ক্ষয়িষ্ণু পারিবারিক মূল্যবোধের এক নির্মম প্রতিচ্ছবি ফুটে উঠেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি